

জন্ম বা মৃত্যু নিবন্ধন নিয়ে গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মিলটন চন্দ্র পাল মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বার্তা দিয়েছেন, তা হুবহু পাঠকের উদ্দেশ্যে তুলে ধরা হলো:-
প্রিয় গোলাপগঞ্জবাসী,
আসসালামু আলাইকুম/আদাব/শুভেচ্ছা।
একটি শিশুর জন্মের পর ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন এবং কারও মৃত্যুর পর মৃত্যু নিবন্ধন করা আইনগত বাধ্যবাধকতা। এটি শুধু একটি আইনি বিষয় নয়, বরং এটি একজন নাগরিকের মৌলিক অধিকার এবং রাষ্ট্রীয় সেবার ভিত্তি।
জন্ম ও মৃত্যু নিবন্ধনের মাধ্যমে একজন ব্যক্তির আইনি পরিচয়, নাগরিক সুবিধা, শিক্ষা, চিকিৎসা, পাসপোর্ট, উত্তরাধিকার, সামাজিক নিরাপত্তা ও সরকারি সহায়তা নিশ্চিত হয়। এটি উন্নয়নের পরিকল্পনা প্রণয়ন ও সঠিক পরিসংখ্যান তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তাই আমি, গোলাপগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার হিসেবে, সকল সম্মানিত উপজেলাবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি—
✅ শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন করুন।
✅ মৃত্যুর পর মৃত্যু নিবন্ধন সম্পন্ন করুন।
✅ জন্ম বা মৃত্যু নিবন্ধন করতে আপনার ইউনিয়ন পরিষদ/পৌরসভার জন্ম ও মৃত্যু নিবন্ধন সহকারীর সঙ্গে যোগাযোগ করুন।
✅ সকল নিবন্ধন নির্ভুল ও সঠিক তথ্যের ভিত্তিতে সম্পন্ন করুন।
জন্ম মৃত্যু নিবন্ধন ত্বরান্বিতকরার লক্ষ্যে আজ গোলাপগঞ্জ উপজেলার সকল ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা, হিসাব সহকারী এবং গ্রাম পুলিশদের নিয়ে এক বিশেষ সভা করা হয়েছে এবং জুলাই-২০২৫ মাসে গ্রাম পুলিশদের মধ্যে শ্রেষ্ঠ জন্ম মৃত্যু নিবন্ধনে তথ্য প্রদানকারী হিসেবে জনাব মোঃ মনোহর আলী, মহল্লাদার,ওয়ার্ড -৪, ৫ নং বুধবারীবাজার ইউনিয়ন পরিষদকে ক্রেস্ট ও নগদ অর্থে পুরস্কৃত করা হয়েছে।
সচেতন হোন, নিবন্ধন করুন, নাগরিক অধিকার নিশ্চিত করুন।
আপনার মতামত লিখুন :