সংবাদ প্রকাশে টনক নড়লো প্রশাসনের: গোলাপগঞ্জ মডেল থানায় সাধারন ডায়েরী


admin প্রকাশের সময় : আগস্ট ২৯, ২০২৫, ০৯:২৪ /
সংবাদ প্রকাশে টনক নড়লো প্রশাসনের: গোলাপগঞ্জ মডেল থানায় সাধারন ডায়েরী

গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যানের অফিসে ঢুকে চেয়ারম্যানের চেয়ারে বসে টিকটক ভিডিও শুটিং করে আপলোড করার ঘটনার খবর প্রকাশ হলে টনক নড়েছে প্রশাসনের। যোগাযোগ করা হলে উপজেলা নির্বাহী অফিসার মিলটন চন্দ্র পালের বরাত দিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা প্রশাসনের এক কর্মচারী জানান, এই ঘটনায় তিনজনকে শোকজ (কারন দর্শানোর নোটিশ) করা হয়েছে। এছাড়া উপজেলা প্রকৌশলীকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি সিসি টিভি ফুটেজ সংগ্রহ করে তরুনী কিভাবে তালাবদ্ধ চেয়ারম্যান অফিসে ঢুকলেন তা বের করবে।

বৃহস্পতিবার রাতে সিলেটি পেজে খবরটি প্রকাশিত হলে তোলপাড় সৃষ্টি হয়। শুক্রবার টক অব দ্যা গোলাপেগঞ্জে পরিণত হয় খবরটি। মুহুর্তেই খবরটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। অনুসন্ধানে জানা গেছে দুইজন তরুনী জন্মনিবন্ধন সনদ সংক্রান্ত কাজে সম্প্রতি উপজেলা পরিষদ সদর দপ্তরে যান। ধারনা করা হচ্ছে কোন একসময় সবার অলক্ষ্যে উপজেলা চেয়ারম্যানের তালাবদ্ধ রুমের পাশের রুমের ভেতরের দরজা দিয়ে প্রবেশ করেন তারা। টিকটক ভিডিওতে দেখা যায় চেয়ারম্যানের চেয়ারে বসে মুখাভিনয় করেন একজন এবং দুর থেকে ভিডিও করেন আরেকজন। প্রশ্ন উঠেছে বাইরে থেকে তালবদ্ধ রুমে দুই তরুনী প্রবেশ করলেন কি করে?

এছাড়া বাইরে থেকে তালাবদ্ধ রুমের ভেতরে ঐ তরুনীদের সাথে যদি কোন অনাকাংখিত ঘটনা ঘটতো তাহলে তার দায় কে নিত?
এদিকে অনুসন্ধান করে দেখা গেছে সংবাদটি প্রকাশ হবার পর টিকটক একাউন্টটি ডিলিট করে দেন ঐ তরুনী। বর্তমানে শুক্রবার দুপুর থেকে টিকটকে ঐ একাউন্ট আর খোঁজে পাওয়া যাচ্ছেনা। এদিকে এই ঘটনায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গোলাপগঞ্জ মডেল থানায় সাধারন ডায়েরী করা হয়েছে।

উল্লেখ্য গতকাল বৃহস্পতিবার বিকাল আনুমানিক ৪টায় shimaqueen22 The brand নামে একটি টিকটিক আইডিতে আপলোডকৃত ভিডিওতে দেখা যায় উপজেলা চেয়ারম্যানের অফিসে চেয়ারম্যানের চেয়ারে বসে জনৈক তরুনী মুখাভিনয় করছেন। ব্যাকগ্রাউন্ডে সিলেটের এক সময়ের জনপ্রিয় কন্ঠশিল্পী সাজ্জাদ নূরের একটি গান রয়েছে ”কামিনী কামনার দেশে গমন করিয়া…”। পেছনের দেয়ালে লাগানো বিভিন্ন সময়ে দায়ীত্বপালন করা চেয়ারম্যানদের নাম ও মেয়াদকাল লেখা একটি নাম ফলক। পাশেই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের লগোর নীচে লেখা চেয়ারম্যান উপজেলা পরিষদ, গোলাপগঞ্জ সিলেট। তবে গোলাপগঞ্জ শব্দটি আংশিক রয়েছে। টেবিলের বামপাশে বাংলাদেশের জাতীয় পতাকা দিয়ে মহান বিজয় দিবসের বানানো একটি ক্রেষ্ট। ভিডিওটি প্রায় সাড়ে ৫হাজার ভিউ হয়েছে। ৫৪২ রিএকশন ও ২৮টি কমেন্ট রয়েছে। ভিডিওটির কমেন্টে একজন ইউজার মন্তব্য করেছেন, “ অভিনন্দন উপজেলা চেয়ারম্যান সাহেবা”।

প্রশ্নে উঠেছে উপজেলা পরিষদ সদর দপ্তরের দ্বিতীয় তলায় অবস্থিত তালাবদ্ধ সুরক্ষিত অফিসের ভেতরে কি করে একজন তরুনী প্রবেশ করে টিকটিক ভিডিওর শুটিং করেন? তবে এই তরুনীর পরিচয় তাৎক্ষনিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। অনুসন্ধানে জানাগেছে ২০২৪ সালের জুলাই বিপ্লবের পর গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুর কাদির শাফি চৌধুরী এলিম আমেরিকায় চলে যান। পরবর্তীতে অন্তর্বতী সরকার সারাদেশের নির্বাচিত জনপ্রতিনিধিদের বরখাস্ত করে।