

আব্দুল্লাহ আল মাসুদ (গোলাপগঞ্জ) সিলেট :
সিলেটের গোলাপগঞ্জে লোকসংগীত অঙ্গনে উজ্জ্বল নক্ষত্র প্রখ্যাত বাউল শিল্পী আব্দুল খালিক। গায়ক, গীতিকার ও সুরকার হিসেবে তিনি বাউল গানের ভাণ্ডারকে সমৃদ্ধ করেছেন। দীর্ঘ শিল্পীজীবনে তিনি রচনা করেছেন তিনশ’রও বেশি গান।
গোলাপগঞ্জ উপজেলার এক সঙ্গীতপ্রাণ পরিবারে জন্ম নেয়া আব্দুল খালিক ছোটবেলা থেকেই লোকগান ও আধ্যাত্মিক সঙ্গীতে আকৃষ্ট ছিলেন। গ্রামীণ আসর, মেলা ও পালাগানেই তার সংগীতচর্চার সূচনা ঘটে।
আব্দুল খালিক তার গানের জন্য বেশ কয়েকটি পুরস্কার ও সম্মাননা পেয়েছেন। ১৯৯৬ সালে তিনি “বাউল শিল্পী” হিসাবে বিশেষ স্মৃতি সম্মাননা পান। একই বছরে তিনি রেডিও বাংলাদেশে গান পরিবেশনের সুযোগ লাভ করেন, যা তার শিল্পীজীবনের অন্যতম মাইলফলক।
ইতিমধ্যে তার লেখা “নাতি হুস কর কথা ধর করিসনা পাগলামি” গানটি শ্রোতাদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে গানটি ভাইরাল হয়ে গেছে এবং শ্রোতাদের মতে এটি তার সৃষ্টিশীলতার নতুন দিককে সামনে এনেছে।
আব্দুল খালিক বলেন-“গানের ভেতর দিয়েই আমি মানুষের মনুষ্যত্ব জাগাতে চাই। লোকগান আমাদের মাটি ও মানুষের সত্যকথা বলে। আমার স্বপ্ন, আগামী প্রজন্ম এই গানগুলোকে বাঁচিয়ে রাখবে।”
সিলেট ও গোলাপগঞ্জের সাংস্কৃতিক কর্মীরা মনে করেন, আব্দুল খালিকের লেখা ও সুরকৃত গান সংরক্ষণ করা গেলে দেশের বাউল সংগীত ভাণ্ডারে এক অনন্য সংযোজন হবে। তারা আশা করেন, তার অবদান জাতীয় পর্যায়ে আরও প্রশংসিত হবে।
আপনার মতামত লিখুন :