লন্ডন বাংলা প্রেসক্লাবের সামার ট্রিপ: ইস্টবোর্নে আনন্দঘন এক দিন


admin প্রকাশের সময় : জুলাই ২০, ২০২৫, ২৩:২২ /
লন্ডন বাংলা প্রেসক্লাবের সামার ট্রিপ: ইস্টবোর্নে আনন্দঘন এক দিন
প্রতিবছরের মতো এবারও লন্ডন বাংলা প্রেসক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো বহুপ্রতীক্ষিত সামার ট্রিপ। বছরের এই একটি দিন ব্রিটেনজুড়ে ছড়িয়ে থাকা বাংলা গণমাধ্যমকর্মীদের জন্য হয়ে ওঠে এক মিলনমেলা। সবাই অপেক্ষায় থাকেন কখন প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে একসঙ্গে কিছু সময় কাটানো যাবে।
ইসি কমিটির পক্ষ থেকে আমাদের লক্ষ্য থাকে—সবার জন্য দিনটি আনন্দময় এবং স্মরণীয় করে তোলা। এ বছর আমাদের গন্তব্য ছিল দক্ষিণ ইংল্যান্ডের বিখ্যাত পর্যটন শহর ইস্টবোর্ন সমুদ্র সৈকত। ভোর থেকেই লন্ডনের আলতাব আলী পার্কে সদস্যরা পরিবার-পরিজন নিয়ে জড়ো হতে থাকেন। সকাল সাড়ে দশটায় দুটি কোচে প্রায় ৮০ জন সদস্য ও অতিথি রওনা হন প্রায় ৭৫ মাইল দূরের ইস্টবোর্নের উদ্দেশে।
আমাদের কোচে প্রেসক্লাবের ইসি কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ক্লাবের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক চৌধুরী, সেক্রেটারি তাইসির মাহমুদ, সাংগঠনিক ও ট্রেনিং সম্পাদক আকরাম হোসেন, মিডিয়া ও আইটি সম্পাদক আবদুল হান্নান, ইসি মেম্বার জাকির হোসেন কয়েস, সাহিদুর রহমান সোহেল এবং আমি নিজে। দ্বিতীয় কোচে ছিলেন প্রেসিডেন্ট মুহাম্মদ জুবায়ের, ইভেন্ট সেক্রেটারি রুপি আমিন, ইসি মেম্বার ফয়ছল মাহমুদ এবং মরিয়ম পলি রহমান।
সফরে আমাদের সঙ্গে ছিলেন ক্লাবের বিভিন্ন প্রজন্মের সদস্যরা, যাঁদের অনেকেই বাংলা গণমাধ্যমে সুপরিচিত। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য—বীর মুক্তিযোদ্ধা শেখ মোজাম্মেল হোসেন, মিসবা জামাল, আব্দুল মুনিম জাহেদী ক্যারল, রফিকুল ইসলাম এমদাদ, আব্দুল কাদির চৌধুরী মুরাদ, আব্দুল হামিদ টিপু, শেখ মতিউর রহমান, বাবুল হোসেন, শওকত মাহমুদ, শাহিদুল ইসলাম সাগর, মহিউদ্দিন আফজাল, জিলানী খান, আহমেদ শামীম, শামসুল ইসলাম তালুকদার তারেক, আনোয়ারুল ইসলাম অভি, মারুফ আহমদ, কিনু মিয়া, মাহবুব আলী খানসুর, খিজির হোসেন খান কাওসার, মিরাজ খান, বিশ্বজিত অপু রয়, সাদিক রহমান বকুল, কবি হাফসা ইসলাম, মোহাম্মদ রহিম, খালেদ মাসুদ রনি, আলাউর রহমান খান শাহিন, আবুল হোসেন, মোহাম্মদ আবু তালেব, আবু রহমান, ও আজন্তা দেব রয় প্রমুখ।
ইস্টবোর্ন পৌঁছে সবাই প্রথমেই মধ্যাহ্নভোজে অংশ নেন। এরপর সবাই ছুটে যান সমুদ্রসৈকতে। কেউ হাঁটলেন ঢেউয়ের ধার ঘেঁষে, কেউ ব্যস্ত হয়ে পড়লেন ছবি তোলায়, আবার কেউ মেতে উঠলেন গল্প-আড্ডায়। ছোট-বড়, তরুণ-প্রবীণ—সবার মধ্যেই ছড়িয়ে পড়ে আনন্দের রঙ।
বিকেলবেলা শুরু হয় প্রতিযোগিতামূলক খেলাধুলা। পুরুষদের জন্য ছিল ফুটবল, ক্রিকেট ও দরি টানাটানি। নারীদের জন্য মার্বেল দৌড়সহ মজাদার খেলা, আর শিশুদের জন্য ছিল নানা রকমের প্রতিযোগিতা। অংশগ্রহণে কার্পণ্য ছিল না কারও। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়, যা সবার আনন্দকে বহুগুণে বাড়িয়ে দেয়।
সন্ধ্যা ৭টার দিকে ক্লান্ত কিন্তু পরিপূর্ণ মন নিয়ে সবাই নিজ নিজ গন্তব্যে রওনা হন। সবার মুখেই তখন ছিল সন্তুষ্টির হাসি—একটি সফল আয়োজনের প্রতিচ্ছবি।
এই দিনটি শুধু বিনোদন নয়, বরং পারস্পরিক বন্ধনের একটি উজ্জ্বল উদাহরণ। নতুন সদস্যদের সঙ্গে পরিচয়, পুরাতনদের সঙ্গে সম্পর্কের নবায়ন—সব মিলিয়ে দিনটি হয়ে ওঠে একটি জীবন্ত স্মৃতি। আমরা আশা করি, ভবিষ্যতেও লন্ডন বাংলা প্রেসক্লাবের এই ধরনের আয়োজন আমাদের মাঝে সৌহার্দ্য, ঐক্য ও বন্ধুত্বের বন্ধন আরও দৃঢ় করে তুলবে।
আনোয়ার শাহজাহান
ইসি মেম্বার
লন্ডন বাংলা প্রেসক্লাব।