

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ খেললো রাজকীয় স্টাইলে। কিংস অ্যারেনায় এবার সাগরিকারা নেপালকে হারাল ৩-২ গোলে। সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখার মিশনে আরও একটু এগিয়ে গেল বাংলাদেশ। দারুণ খেলায় এগিয়ে যেতে খুব বেশি অপেক্ষায় থাকতে হয়নি দেশের মেয়েদের। ম্যাচের ১৪ মিনিটে স্বাগতিকদের এগিয়ে দেন সিনহা জাহান শিখা। পরে ম্যাচের ৩৬ মিনিটে গোল ব্যবধান দ্বিগুণ করে ফেলেন মোসাম্মৎ সাগরিকা।
তবে ম্যাচের ৫৫ মিনিটে ঘটে যায় অনাকাঙ্ক্ষিত ঘটনা। মাথা গরম করে ফেলেন বাংলাদেশের দশ নম্বর জার্সিধারী সাগরিকা। নেপালের ১৯ নম্বর জার্সিধারী সিমরান রাইয়ের সঙ্গে ধাক্কাধাক্কি করেন। শেষে রেফারি দুজনকেই লাল কার্ড দিয়ে মাঠ থেকে বের করে দেন। তাই তো ম্যাচের বাকি অংশটুকু দশজন নিয়েই খেলতে হয়েছে দুদলকে।
ম্যাচের ৭৭ মিনিটে একটি গোল শোধ করে নেপাল। হিমালয় কন্যাদের গোলটি এনে দেন আনিশা রাই। ৮৫ মিনিটে নেপালকে সমতায় ফেরান মিনা দেউবা। ইনজুরি টাইমের ১১ মিনিটে বাংলাদেশকে জয়সূচক গোলটি উপহার দেন তৃষ্ণা রানী।
আপনার মতামত লিখুন :