

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বৈধ কর্মসংস্থানের আশায় আবেদন করা সিলেটের জকিগঞ্জ উপজেলার শত শত যুবক বর্তমানে পাসপোর্ট ও পুলিশ ক্লিয়ারেন্সে বানান ভিন্নতার কারণে বিপাকে পড়েছেন। তাদের পাসপোর্টে ঠিকানায় লেখা হচ্ছে ”Zokiganj” এবং পুলিশ ক্লিয়ারেন্সে তা “Zakiganj”। পাসপোর্টে জকিগঞ্জ বানানের দ্বিতীয় অক্ষরে ‘O’ এবং অপরদিকে পুলিশ ক্লিয়ারেন্সে দ্বিতীয় অক্ষরে ‘A’ লেখা হয়।এ পার্থক্যই হয়ে উঠেছে তাদের জন্য বিদেশযাত্রায় বড় বাঁধা।
ভুক্তভোগী যুবক মো. আশিক আহমদ বলেন,“আমি একটি কনস্ট্রাকশন কোম্পানিতে ভালো বেতনের চাকরি পেয়েছিলাম সৌদি আরবে। কিন্তু দূতাবাস আমার ভিসা আবেদন বাতিল করে দেয়, কারণ পাসপোর্ট আর পুলিশ ক্লিয়ারেন্সের ঠিকানায় মিল নেই। এই ছোট বিষয়ের কারণে আমার স্বপ্ন ভেঙে গেছে।”
আরেক প্রবাসী মো. সামির উদ্দিন জানান,“ভিসা বাতিল হওয়ার পর আবার আবেদন করতে গিয়ে দালাল ধরতে হয়েছে। নতুন পুলিশ ক্লিয়ারেন্স আনতেও অনেক ভোগান্তি হয়েছে। অথচ এই সমস্যা কোনো অপরাধের কারণে নয়, সরকারি দপ্তরের অদক্ষতার কারণে।”
স্থানীয় এক ট্রাভেল এজেন্ট বলেন,“প্রতিদিন আমাদের কাছে একাধিক লোক আসেন এই সমস্যার কথা জানাতে। পাসপোর্টে এক বানান, পুলিশ রিপোর্টে আরেক বানান এই বিরোধের কারণে অনেক চাকরির সুযোগ নষ্ট হচ্ছে। এটা খুবই দুঃখজনক।”
উল্লেখ্য, পূর্বে ইস্যুকৃত পাসপোর্টে ‘Zakiganj’ লেখা হতো।
এই সমস্যার সমাধানে সচেতন জকিগঞ্জবাসীর পক্ষ থেকে সংশ্লিষ্ট দপ্তরসমূহের প্রতি দাবি, ঠিকানার অভিন্ন বানান নির্ধারণ করে সরকারি প্রজ্ঞাপন জারি করা। ইতোমধ্যে ইস্যুকৃত বিভ্রান্তিকর পাসপোর্টগুলো সংশোধন করে পুনরায় প্রদান করা। স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ বিষয়ে স্পষ্ট নির্দেশনা দেওয়া।
সংশ্লিষ্ট দপ্তরের আন্তরিক ও দ্রুত পদক্ষেপ না নিলে, বিদেশগামী যুবকদের কর্মসংস্থানের পথ আরও সংকীর্ণ হয়ে পড়বে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী। প্রশাসনের সদিচ্ছাই পারে এই চরম ভোগান্তির স্থায়ী সমাধান আনতে!
আপনার মতামত লিখুন :