কাকেশ্বরী উচ্ছেদ: সরছে দখল, জেগে উঠছে খাল


admin প্রকাশের সময় : জুলাই ৮, ২০২৫, ১৬:৫০ /
কাকেশ্বরী উচ্ছেদ: সরছে দখল, জেগে উঠছে খাল

ইমরান আহমদ: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ বাজারে ঐতিহাসিক কাকেশ্বরী খাল দখলমুক্ত করতে গত বৃহস্পতিবার (৩ জুলাই) থেকে শুরু হওয়া প্রশাসনের পরিচালিত উচ্ছেদ অভিযান অব্যাহত রয়েছে। এই অভিযানে ইতোমধ্যেই খালের দুই পাড়ের বহু পুরনো অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। আর তার মধ্য দিয়ে ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে খালের পুরোনো রূপ।

মঙ্গলবার (৮ জুলাই) অভিযানের অগ্রগতি সরেজমিনে ঘুরে দেখা যায়, খালের মূল স্রোতধারা ইতোমধ্যে আংশিকভাবে দৃশ্যমান হয়েছে। বাজারের ভেতরের অংশে কোথাও কোথাও পানি চলাচলও শুরু করেছে।
অনেক জায়গায় একসময়কার পাকা দোকানঘরের নিচ থেকে উঁকি দিচ্ছে খালের পাড়। অপসারণ করা হচ্ছে ইট-পাথরের স্তূপ, তৈরি হচ্ছে পানিপ্রবাহের নতুন পথ।
উচ্ছেদ অভিযান ঘিরে সাধারণ মানুষের সক্রিয় উপস্থিতিও চোখে পড়েছে। কেউ দাঁড়িয়ে দেখছেন, আবার কেউ স্বতঃস্ফূর্তভাবে নিজ হাতে সরাচ্ছেন প্রতিবন্ধকতা। বহু বছর পর খালের বুক জুড়ে পানি চলতে দেখা গেছে—যা অনেকের কাছেই বিস্ময়ের বিষয়।
বাজার এলাকায় দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা, অপরিচ্ছন্ন পরিবেশ ও নাজুক ড্রেনেজ ব্যবস্থার কারণে জনভোগান্তি চরমে উঠেছিল। বর্ষা এলেই পানিতে তলিয়ে যেত দোকান ও বসতঘর। স্থানীয়দের ধারণা, খাল উদ্ধারের মাধ্যমে এসব সমস্যার অনেকটাই সমাধান হবে।
প্রশাসনের উচ্ছেদ অভিযানে ইতোমধ্যেই খালের দুই পাড়ের বহু স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। কিছু দখলদার আগেভাগেই স্থাপনা সরালেও অধিকাংশ ক্ষেত্রে চালানো হচ্ছে সরাসরি ভাঙচুর।
সাধারণ মানুষের মাঝে ছিল সংশয়, আবারও কি থেমে যাবে অভিযান? কিন্তু এবারের দৃশ্যমান অগ্রগতি সেই সংশয়কে পিছনে ফেলেছে। অনেকেই বলছেন, শুধুই উচ্ছেদ নয়—খাল পুনঃখনন ও নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত না হলে উদ্যোগটি পূর্ণতা পাবে না।

বাজারের ব্যবসায়ী মিজানুর রহমান বলেন, “প্রশাসন আগেও অভিযান শুরু করেছিল, কিন্তু মাঝপথে থেমে গিয়েছিল। এবার কাজ হচ্ছে চোখের সামনে—এবার যেন আর থেমে না যায়।”
একই প্রত্যাশা ব্যক্ত করেন স্থানীয় বাসিন্দা মাসুক আহমদ। তিনি বলেন, “যেখানে এতদিন দোকান ছিল, এখন সেখানে খাল দেখা যাচ্ছে। আগে বিশ্বাসই হচ্ছিল না। এবার হয়তো এলাকাটা সত্যিই বদলে যাবে।”

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, খাল উদ্ধারে অভিযান চলবে নিয়মিত। অবৈধ যা কিছু রয়েছে, তা আইনের মাধ্যমে সরিয়ে ফেলা হবে। জনস্বার্থেই এ কার্যক্রম অব্যাহত থাকবে।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই ঢাকাদক্ষিণ বাজারে জলাবদ্ধতা, অপরিচ্ছন্ন পরিবেশ ও দুর্বল ড্রেনেজ ব্যবস্থার কারণে জনদুর্ভোগ চরমে উঠেছিল। স্থানীয়দের আশা, কাকেশ্বরী খাল উদ্ধার ও পুনঃপ্রবাহ নিশ্চিত হলে এসব সমস্যার অবসান ঘটবে।