স্বৈরাচার দেখামাত্র বিনাশের ডাক দিলেন ইউনূস


admin প্রকাশের সময় : জুলাই ১, ২০২৫, ০৭:৫৫ /
স্বৈরাচার দেখামাত্র বিনাশের ডাক দিলেন ইউনূস

জুলাই মাসে অর্জিত ঐক্য অটুট রাখার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেছেন, ভবিষ্যতে স্বৈরাচারের লক্ষণ দেখা মাত্রই তাকে বিনাশ করতে হবে।

মঙ্গলবার প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবি হলে ‘জুলাই স্মৃতি উদযাপন’ কর্মসূচি এবং মাসব্যাপী ক্যালেন্ডার উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, “জুলাইয়ের লক্ষ্য বাস্তবায়নে আমরা নতুন শপথ নেবো, যাতে স্বৈরাচার আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে।”

শিক্ষার্থীদের অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, “শিক্ষার্থীরা আন্দোলন করে আমাদের মুক্তির স্বাদ দিয়েছে। জুলাই গণতান্ত্রিক আন্দোলনের এক অমোঘ ডাক, যার উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদের বিলুপ্ত করে জনগণের হাতে রাষ্ট্র ফিরিয়ে দেওয়া।”

ঐক্য ধরে রাখার গুরুত্ব তুলে ধরে মুহাম্মদ ইউনূস বলেন, “জুলাইয়ে এ দেশের সব শ্রেণির মানুষের মধ্যে যে ঐক্য হয়েছিল, তা যেন অটুট থাকে। এর থেকে ১৬ বছর যেন অপেক্ষা করতে না হয়। স্বৈরাচারের লক্ষণ দেখা মাত্রই যেন তাকে বিনাশ করতে পারি– এই হোক জুলাইয়ের শিক্ষা।”

“আমাদের সামনের পথ অনেক কঠিন হলেও সম্ভাবনা আছে। সেই বিশ্বাস নিয়েই যেন জুলাইয়ে গণজাগরণের মাসে পরিণত করি,” যোগ করেন তিনি।

প্রধান উপদেষ্টা তার কার্যালয় থেকে মাসব্যাপী ‘জুলাই স্মৃতি উদযাপন’ কর্মসূচির উদ্বোধন করেন।

সকাল সাড়ে ১১টায় প্রধান উপদেষ্টা তার কার্যালয় থেকে মাসব্যাপী ‘জুলাই স্মৃতি উদযাপন’ কর্মসূচির উদ্বোধন করেন।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত এই স্মৃতি উদযাপন করা হবে। কর্মসূচির আওতায় জুলাই হত্যাকাণ্ডে নিহতদের স্মরণে দোয়া, খুনিদের বিচার দাবিতে গণস্বাক্ষর অভিযান এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে শহীদদের নামে শিক্ষাবৃত্তি চালুর ঘোষণা দেওয়া হয়।

অনুষ্ঠানমালার শেষ দিন ৫ আগস্টকে ‘৩৬ জুলাই’ হিসেবে চিহ্নিত করে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এর মধ্যে রয়েছে— মানিক মিয়া অ্যাভিনিউ অভিমুখে বিজয় মিছিল, এয়ার শো, গানের অনুষ্ঠান, ‘৩৬ ডেইস অব জুলাই’ ডকুমেন্টারির প্রদর্শনী এবং ড্রোন শো।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীদের ডাকে ২০২৪ সালের জুলাইয়ে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন সরকারের চরম নির্যাতন-নিপীড়ন ও নির্বিচারে হত্যার কারণে এক পর্যায়ে সরকার পতনের আন্দোলনে রূপ নেয়। ওই আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। এরপর থেকে বাংলাদেশে নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা হয়।