সিলেটে আসছে ‘রিমঝিম’, শ ঙ্কা বন্যা ও ভূমি ধসের


admin প্রকাশের সময় : জুন ১৬, ২০২৫, ২১:৫৮ /
সিলেটে আসছে ‘রিমঝিম’, শ ঙ্কা বন্যা ও ভূমি ধসের

মাত্র কয়েকদিন আগে বন্যার ধকল কাটিয়ে উঠলেন সিলেটবাসী। তার রেশ কাটতে না কাটতেই আবার বন্যার আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। সিলেট বিভাগের নিম্নাঞ্চলজুড়ে এবার প্রবল বন্যা দেখা দিতে পারে। আর এর কারণ, ‘রিমঝিম’।

নাহ, ‘রিমঝিম’ কোনো শিশু-কিশোরী বা কোনো মহিলার নাম নয়। নামটি এক বৃষ্টিবলয়ের। বাংলাদেশের আকাশে ইতিমধ্যেই প্রবেশ করেছে এই ‘রিমঝিম’। আর এর প্রভাবেই সিলেটে বন্যা ও ভূমিধসের আশঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।

 

গত কয়েকদিন থেকে সিলেট বিভাগজুড়ে কোথাও হাল্কা, কোথাও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েই যাচ্ছে আবহাওয়া অধিদপ্তর। কিন্তু জৈষ্ঠের ভ্যাপসা গরমে জীবন প্রায় অতিষ্ঠ হলেও বৃষ্টির দেখা আর মিলছিলনা।

অবশেষে সোমবার হাল্কা বৃষ্টি হয়েছে সিলেট মহানগরী ও আশপাশ এলাকায়। তবে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম জানিয়েছে, বাংলাদেশের আকাশসীমায় প্রবেশ করেছে শক্তিশালী বৃষ্টিবলয় ‘রিমঝিম’।

এই রিমঝিম এতটাই শক্তিশালী যে, এর প্রভাবে কেবল সিলেট বিভাগই নয় দেশের প্রায় সব অঞ্চলে প্রবল বৃষ্টিপাত হবে। তবে বেশী হবে সিলেট ও চট্টগ্রামে। আর তা শুরু হতে পারে মঙ্গলবার (১৭ জুন) সকাল থেকে। আগামী ২৮ জুন রিমঝিম বাংলাদেশের আকাশসীমা অতিক্রম করবে।

১৭ থেকে ২৭ জুনের মধ্যে ভারী বা অতিভারী বৃষ্টিপাত হতে পারে ১৭ জুন থেকে ২১ জুন পর্যন্ত। মাঝখানে একটু বিরতী দিয়ে ২৩ থেকে ২৬ জুন পর্যন্ত আবারও ভারী বা অতিভারী বৃষ্টি ঝরবে। সিলেট বিভাগজুড়ে এ সময়ে বৃষ্টির পরিমাণ হতে পারে ৩০০ থেকে সাড়ে চারশ’ মিলিমিটার।

এদিকে একই সময়ে চট্টগ্রাম বিভাগেও ভারী বৃষ্টি হবে। ১০দিনে তার পরিমাণ হতে পারে ৩৫০ থেকে ৫৫০ মিলিমিটার।

তুমুল এ বৃষ্টিতে সিলেট বিভাগের নিম্নাঞ্চলগুলোতে প্রবল বন্যা দেখা দিতে পারে। এর সঙ্গে যদি উজানের ঢল যোগ করেন তাহলে বড়সড়ো বন্যার ঝুঁকিতে সিলেট বিভাগ।

সঙ্গে আসছে আরেক বিপদ। পাহাড় বা ভূমি ধস। একমাসও হয়নি, সিলেটের গোলাপগঞ্জে টিলা ধসে দুই সন্তানসহ বাবা মা নিহত হয়েছেন। এবার রিমঝিমের প্রভাবে হওয়া বৃষ্টিতে ফের সিলেট এবং চট্টগ্রাম বিভাগে ভূমি ধসের আশঙ্কাও প্রকাশ করেছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।