

২০২৫-২৬ অর্থবছরের ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন শুরু হয়েছে।
সোমবার (২ জুন) বিকেল ৩টায় পূর্ব-ধারণকৃত বাজেট বক্তৃতায় অর্থ উপদেষ্টা বলেন, শুরুতেই বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের শহীদ এবং সম্ভ্রমহারা মা-বোনদের—যাদের চূড়ান্ত আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীন দেশ।
তিনি বলেন, পরম শ্রদ্ধায় স্মরণ করছি গত বছরের জুলাই-আগস্ট মাসের বিপ্লবের অকুতোভয় শহীদদের, যারা দ্বিধাহীন ত্যাগের মহিমায় মৃত্যুকে ছাড়িয়ে আরোহণ করেছেন অনন্য উচ্চতায়। মহান আল্লাহর কাছে আমি তাদের সবার আত্মার মাগফেরাত কামনা করছি।
উপদেষ্টা বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর দেশের এক ক্রান্তিলগ্নে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনার দায়িত্ব নেয়। আমাদের ওপর বর্তায় বিগত সরকারের রেখে যাওয়া প্রায় ধ্বংসপ্রাপ্ত অর্থনীতিকে পুনরুদ্ধার এবং নৈরাজ্য দূর করে জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনার কঠিন কাজটি।
তিনি আরো বলেন, আমি স্বস্তি এবং আনন্দের সাথে জানাতে চাই, মাত্র ১০ মাসেরও কম সময়ে অন্তর্বর্তী সরকার ইতোমধ্যে সে লক্ষ্য পূরণে অনেকদূর এগিয়ে যেতে সক্ষম হয়েছে। জুলাই অভ্যুত্থান এর পর যে আশায় আমরা বুক বেঁধেছিলাম তা খুব শিগগিরই আমরা পূরণ করতে সক্ষম হব, ইনশাল্লাহ।
প্রস্তাবিত বাজেটের মধ্যে রাজস্ব বাজেটের আকার ৫ লাখ ৭৪ হাজার কোটি টাকা। চলতি বাজেটের তুলনায় আগামী বাজেট সাত হাজার কোটি টাকা কম। এবারই প্রথমবারের মতো বাজেটের আকার কমছে।
আপনার মতামত লিখুন :