৪০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ


admin প্রকাশের সময় : মে ২৪, ২০২৫, ১৩:৪৯ /
৪০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ

আগামী ১০ জুন জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচ খেলবে বাংলাদেশ। দেওয়ান হামজা চৌধুরী, শমিত সোমের মতো হাই-প্রোফাইল খেলোয়াড়রা বাংলাদেশের মাটিতে প্রথমবারের মতো খেলবেন বলে ম্যাচকে ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে অনেক বেশি আগ্রহ তৈরি হয়েছে। এরই মধ্যে এই ম্যাচের টিকিট বিক্রির ঘোষণা দিয়েছে বাফুফে। গতকাল বাফুফের নির্বাহী সদস্য ও কম্পিটিশন কমিটির চেয়ারম্যান গোলাম গাউস জানান, ২৪ মে শনিবার দুপুর ১২টা থেকে অনলাইন প্ল্যাটফর্ম টিকিফাইডটলাইভ ওয়েবসাইট থেকে বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের টিকিট কেনা যাবে। টিকিফাইয়ের কর্মকর্তা ইফতেখার ইফতি জানান, ওয়েবসাইটে গিয়ে লিংকে প্রবেশ করে নাম, মোবাইল ও ইমেইলের নিবন্ধন করে নির্দিষ্ট টিকিট ক্রয় করা যাবে। একজন একটি মোবাইল নাম্বার ও ই-মেইল ব্যবহার করে সর্বোচ্চ ৫টি টিকিট ক্রয় করতে পারবেন।

এই প্রথমবারের মতো অনলাইনে ফুটবল ম্যাচের টিকিট ক্রয়ের সুবিধা পাচ্ছেন দর্শকরা। বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচে ১০ ক্যাটাগরির টিকিটের ব্যবস্থা করেছে বাফুফে। প্রেসিডেন্ট বক্সে শুধু নিমন্ত্রিত অতিথিরা খেলা দেখার সুযোগ পাবেন। হসপিটালিটি বক্সের টিকিটের মূল্য ধরা হয়েছে ৫ হাজার টাকা। করপোরেট বক্স ৫ হাজার, ভিআইপি-রেড বক্স ৪ হাজার, ভিআইপি-২ ও ভিআইপি-৩ দুই হাজার ৫০০, স্কাই ভিউ ৩ হাজার, ক্লাব হাউস-১ দুই হাজার ৫০০, ক্লাব হাউস-২ দুই হাজার ও সাধারণ গ্যালারির টিকিটের মূল্য ধরা হয়েছে ৪০০ টাকা। সাধারণ গ্যালারির জন্য ১৮ হাজার ৩০০ টিকিট অনলাইন ও ঢাকায় তিনটি বুথে পাওয়া যাবে। বাফুফের নির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসেন বলেন, ‘আমরা দেশের ফুটবলের স্টেকহোল্ডারদের জন্য কিছু টিকিট রেখে বাকি সব অনলাইনে দিয়ে দেব।’