সিলেটে অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন মুশফিকরা


admin প্রকাশের সময় : এপ্রিল ১৫, ২০২৫, ১৮:৫৩ /
সিলেটে অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন মুশফিকরা

পাকিস্তানের মাটিতে সেই চ্যাম্পিয়ন্স ট্রফির পর আর কোন আন্তর্জাতিক ক্রিকেট খেলেনি বাংলাদেশ ক্রিকেট দল। তবে সহসা আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ দল। এই সিরিজ দিয়েই টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের নতুন যাত্রা শুরু হচ্ছে। 

 

চলতি মাসেই জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে নতুন মিশন শুরু করতে যাচ্ছে টাইগাররা। সেই সিরিজকে সামনে রেখে গতকাল থেকে সিলেটে শুরু হয়েছে জাতীয় দলের অনুশীলন ক্যাম্প।

এদিকে টেস্ট সিরিজকে সামনে রেখে সর্বোচ্চ উজাড় করে দিতে প্রস্তুত হচ্ছেন ক্রিকেটাররা। তার উপর স্বাগতিকের তকমা গায়ে নিয়ে মাঠে নামার বাড়তি সুবিধা তো থাকছেই। অনুশীলনের শুরুর দিনে ১০ ক্রিকেটারের অংশগ্রহণ নিজেদের ঝালিয়ে নেয় টাইগাররা।

মঙ্গলবার (১৫ এপ্রিল) অনুশীলনে বেশ সিরিয়াস ছিলেন টাইগার ব্যাটাররা। এদিন নেটে নিজেদের ঝালিয়ে নিয়েছে মুশফিক মিরাজ লিটনরা।

অনুশীলনের দুই সেশনেই ঘাম ঝরিয়েছেন মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম। এদিন নেটে নাহিদ রানা তাইজুলরা প্রস্তুতি সেরেছেন পুরো দমে।

এবার দুইটি ম্যাচ হবে ঢাকার বাইরে যার মধ্যে প্রকৃতি কন্যা সিলেটে প্রথম টেস্টে শান্তদের মুখোমুখি হবে দলটি। অনুশীলন শেষে টিম হোটেল ফেরার সময় বেশ উচ্ছ্বসিত দেখা গেছে শান্ত ও মুমিনুলদের।

এদিকে আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) বেশ অভিজ্ঞ দল নিয়ে বাংলাদেশে এসেছে জিম্বাবুয়ে। দলের নেতৃত্বে আছেন ক্রেইগ আরভিন। এছাড়াও দলে রয়েছেন শন উইলিয়ামস, বেন কারান, ব্লেসিং মুজারাবানি ও ওয়েলিংটন মাসাকাদজার মতো অভিজ্ঞ ক্রিকেটাররা। মঙ্গবার সন্ধ্যায় ঢাকায় পা রেখেই সিলেটে পৌঁছে গেছে তারা। বিসিবির মিডিয়া বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে। জিম্বাবুয়ে ষষ্ঠবারের মতো বাংলাদেশে টেস্ট খেলতে আসলো।

উল্লেখ্য, এর আগে ২০০১, ২০০৫, ২০১৪, ২০১৮ এবং ২০২০ সালে বাংলাদেশে এসে টেস্ট খেলেছে তারা। সব মিলিয়ে ১০ টেস্টে আফ্রিকার দলটির জয় মাত্র দুটি। এবার পাঁচ বছর পর টেস্ট খেলতে বাংলাদেশে এসেছে ক্রেইগ আরভিনরা। ২০২০ সালে একমাত্র টেস্ট ম্যাচটি ইনিংস ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। এবার দুইটি ম্যাচই হবে ঢাকার বাইরে। সিলেটে প্রথম টেস্ট ২০ থেকে ২৪ এপ্রিল। চট্টগ্রামে দ্বিতীয় টেস্ট ২৮ এপ্রিল থেকে ২ মে।