সিলেটে শৈত‍্যপ্রবাহ-ঘন কুয়াশায় বাড়ছে শীতের প্রকোপ


admin প্রকাশের সময় : ডিসেম্বর ৮, ২০২৪, ১৫:৪২ /
সিলেটে শৈত‍্যপ্রবাহ-ঘন কুয়াশায় বাড়ছে শীতের প্রকোপ

সিলেটে গত দু’দিন ধরে বাড়ছে শীতের প্রকোপ বাড়ছে। ভোর থেকেই ঘন কুয়াশায় ঢাকা থাকে সূর্য। গত দুইদিন দিনের অধিকাংশ সময় সূর্য অনুপস্থিত ছিল। আর বিকেল হলেই হিমেল হাওয়াও বইতে থাকে। সবমিলিয়ে প্রকৃতিতে শীতের প্রকোপ বাড়ছে। সিলেট আবহাওয়া অফিস বলছে, আরও কয়েকদিন এরকম ঘন কুয়াশা অব্যাহত থাকবে। এ সময় রাত ও দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে।

অগ্রহায়ণ মাসের প্রথম দিন থেকে প্রকৃতিতে ঋতু বদল শুরু হয়। দিনেই কিছুটা গরম ভাব হলেও সন্ধ্যার পর থেকেই হিমেল হাওয়া বইতে শুরু করে। ভোরের দিকে কুয়াশা পড়ে।

শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় সিলেট আবহাওয়া অফিসের পাঠানো আগামী ২৪ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, গভীর রাত থেকে ভোর পর্যন্ত উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং এলাকার অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। এছাড়াও এলাকায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন বলেন, ডিসেম্বর-ফেব্রুয়ারি পর্যন্ত সময়কালকে শীতকাল হিসেবে বিবেচনা করা হয়। এখন যেহেতু ডিসেম্বর মাসের শুরুর, তাই প্রকৃতিতে একটু একটু করে শীত নামতে শুরু করেছে। ডিসেম্বরের দ্বিতীয়ার্ধে আরো বেশি শীত পড়বে। তাছাড়া জানুয়ারি সবচেয়ে শীতলতম মাস। ফলে শৈত্যপ্রবাহও বয়ে যেতে পারে।

এদিকে, শনিবার (৭ ডিসেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে- উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমি স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে। এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যাঞ্চলে একটি লঘুচাপ তৈরি হতে পারে।

পূর্বাভাসে বলা হয়, শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে ভোর পর্যন্ত দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়বে। সারা দেশে রাতের এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে ভোর পর্যন্ত দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

তৃতীয় দিন সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে ভোর পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়বে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।