

গোলাপগঞ্জ উপজেলার আছিরগঞ্জ উচ্চবিদ্যালয় ও কলেজে চতুর্থ ইব্রাহিম আলী স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা শনিবার (৯ নভেম্বর) সকাল ১১টায় অনুষ্ঠিত হয়েছে। এবার এ বৃত্তি পরীক্ষায় গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের মোট ১০টি উচ্চবিদ্যালয়ের মোট ১৯০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
অংশগ্রহণকারী স্কুলগুলো হচ্ছে- আছিরগঞ্জ উচ্চবিদ্যালয় ও কলেজ, আছিরগঞ্জ আলিম মাদ্রাসা, আল এমদাদ হাইস্কুল, বাগিরঘাট উচ্চবিদ্যালয়, মছলম উদ্দিন খান একাডেমি, শাহজালাল একাডেমি, মফজ্জিল আলী উচ্চবিদ্যালয়, পনাইর চক উচ্চবিদ্যালয়, রাইয়ান মেমোরিয়াল হাইস্কুল ও বিবিরাই নিম্ন মাধ্যমিক বিদ্যালয়।
মেধাবৃত্তি পরীক্ষা পরিদর্শন করেন বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক, গোলাপগঞ্জ উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম রাব্বানী, গোলাপগঞ্জ উপজেলা প্রথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, আছিরগঞ্জ উচ্চবিদ্যালয় ও কলেজের অভিভাবক সদস্য খুরশেদ আলম এবং মুফজ্জল আলী উচ্চবিদ্যালয় শিক্ষক তরিকুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষায় অগ্রসরতায় ইব্রাহিম আলী স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা মূল্যবান অবদান রাখছে বলে মন্তব্য করেন। তারা এ বৃত্তি পরীক্ষার উদ্যোক্তা ও পৃষ্ঠাপোষক কামরুল আলম দুলালকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তার এ উদ্যোগ আগামীতেও অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
ইব্রাহিম আলী স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষার পরীক্ষা কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন আছিরগঞ্জ উচ্চবিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক শফিউল আলম। পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করছেন আছিরগঞ্জ উচ্চবিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক শফিউল আলম। সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন সহকারী শিক্ষক আফিয়া বেগম ।
জানা গেছে, গোলাপগঞ্জের উত্তর বাদেপাশা ইউনিয়নের আমকুনার যুক্তরাজ্য প্রবাসী ও কমিউনিটি নেতা কামরুল আলম দুলাল তার পিতা মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম ইব্রাহিম আলীর নামে ২০২১ সালে এই মেধাবৃত্তি পরীক্ষা চালু করেন। এই পরীক্ষায় মেধা স্থান অধিকারীদের যেমন সার্টিফিকেটসহ বৃত্তি প্রদান করা হয়, তেমনি অংশগ্রহণকারী প্রত্যেক শিক্ষার্থীকেও বিশেষ পুরস্কার প্রদান করা হয় বলে জানিয়েছেন অন্যমত ব্যবস্থাপক আফিয়া বেগম।
আপনার মতামত লিখুন :