‘বিশ্ব ইজতেমা এক পর্বে আয়োজনের চেষ্টা চলছে’


admin প্রকাশের সময় : অক্টোবর ২২, ২০২৪, ১৭:৪৯ /
‘বিশ্ব ইজতেমা এক পর্বে আয়োজনের চেষ্টা চলছে’

আগামী বছরের জানুয়ারি অথবা ফেব্রুয়ারিতে টঙ্গীর তুরাগতীরে বিশ্ব ইজতেমা হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, কয়েক বছর দুই পর্বে ইজতেমা হয়ে আসছে। এবার এটি এক পর্বে করার চেষ্টা করছে সরকার। বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে আলোচনা হয়েছে।

মঙ্গলবার এ-সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, বিশ্ব ইজতেমার আয়োজকদের মধ্যে মতের কিছুটা ভিন্নতা আছে। আমরা তাদের সঙ্গে বসব। কীভাবে ইজতেমা একসঙ্গে করা যায়, তা নিয়ে আলোচনা করব।

উভয় পক্ষের উদ্দেশে জাহাঙ্গীর আলম বলেন, ‘আপনাদের (উভয় পক্ষ) কাছে অনুরোধ, সমস্যা নিজেরাই সমাধান করতে পারলে ভালো হয়। না পারলে আমরা আপনাদের সঙ্গে বসব। উভয় পক্ষের চেষ্টায় ভালো ইজতেমা করার চেষ্টা করব।’

গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে প্রতিবছর হয় বিশ্ব ইজতেমা। দেশ-বিদেশের লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি এতে অংশ নেন। আগে এক পর্বে হলেও গত কয়েক বছর মতবিরোধের কারণে ইজতেমা হচ্ছে দুই পর্বে।