সিলেটের বিয়ানীবাজারে পাওনা টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে ব্যবসায়ী আলী হোসেন (৩৮) হত্যাকাণ্ডের প্রধান দুই আসামিকে ঘটনার ৭২ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯।
আজ বুধবার (১৫ জুলাই) সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার পৃথক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- আইনুল ইসলাম (২২) ও শাহীনুর ইসলাম (৩০)। তারা দুজনেই বিয়ানীবাজারের বিবিরাই এলাকার মনিয়া মিয়ার ছেলে।
র্যাব জানায়, নিহত আলী হোসেন বিয়ানীবাজারের বিবিরাই এলাকার বাসিন্দা এবং স্থানীয় বিবিরাই বাজারের একজন ব্যবসায়ী ছিলেন। একই এলাকার বাসিন্দা হওয়ায় আসামিরা প্রায়ই তার দোকান থেকে নগদ ও বাকিতে মালামাল ক্রয় করতেন। ঘটনার ৭ দিন আগে ১নং আসামি শাহীনুর ইসলাম আলী হোসেনের দোকান থেকে বাকিতে ৬ হাজার টাকার ডিজেল ক্রয় করেন।
গত ১১ জুলাই রাত ৮টার দিকে শাহীনুর পুনরায় ওই দোকানে তেল কিনতে আসলে ব্যবসায়ী আলী হোসেন তার পূর্বের বকেয়া টাকা পরিশোধ করার কথা বলেন। এতে ক্ষিপ্ত হয়ে শাহীনুর অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। একপর্যায়ে অন্য আসামিরা এসে শাহীনুরের হুকুমে আলী হোসেনের ওপর অতর্কিত হামলা চালায় এবং এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে গুরুতর রক্তাক্ত জখম করে। হামলাকারীরা ব্যবসায়ীকে হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে বাজারের লোকজন তাকে উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এই হত্যাকাণ্ডের পর নিহতের ভাই বাদী হয়ে বিয়ানীবাজার থানায় একটি মামলা দায়ের করেন। এর প্রেক্ষিতে আজ সকালে গোলাপগঞ্জ থানাধীন লক্ষণাবন্ধ ইউনিয়নের ফুলসাইন এলাকায় অভিযান চালিয়ে এক আসামিকে এবং সকাল ৯টার দিকে উত্তর বাদেপাশা কানাগাঁও এলাকায় অভিযান চালিয়ে অপর আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব-৯।
র্যাব-৯ এর পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাদেরকে সংশ্লিষ্ট বিয়ানীবাজার থানায় হস্তান্তর করা হয়েছে এবং মামলার অন্য আসামিদের ধরতেও অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক প্রকাশক : খন্দকার মোঃ বদরুল আলম । কার্যালয়, মার্ভেলাস টাওয়ার দিত্বীয় তলা ১০/১১ নং অফিস সিলেট-গোলাপগঞ্জ থেকে প্রকাশিত। ফোন : ০১৭২০৫৫৪৫৯০। ই-মেইল : gbbartanews@gmail.com