মেধায় উজ্জ্বল দাড়িপাতন সরকারি প্রাথমিক বিদ্যালয়: ট্যালেন্টপুলে ৫ ও সাধারণ গ্রেডে ২ শিক্ষার্থীর বৃত্তি অর্জন
গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জ উপজেলার দাড়িপাতন সরকারি প্রাথমিক বিদ্যালয় ২০২৫ সালের দেশব্যাপী প্রাথমিক বৃত্তি পরীক্ষায় চমকপ্রদ সাফল্য অর্জন করেছে। বিদ্যালয়টির অংশগ্রহণকারী সাতজন শিক্ষার্থীর সবাই বৃত্তি লাভ করে শতভাগ সাফল্যের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। এর মধ্যে পাঁচজন ট্যালেন্টপুল এবং দুইজন সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে।
সম্প্রতি প্রকাশিত ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলে দেখা যায়, দাড়িপাতন সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে অংশগ্রহণকারী সাতজন শিক্ষার্থীর মধ্যে সারওয়ান আহমদ খান, সিয়াম আল-আবির, মো. উমর, মো. রিয়াজ ও উম্মে নাসিফা ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করেছে। এছাড়া হোসাইন আহমদ তাহসান ও তানজিদা খান ইসহা সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করেছে।
বিদ্যালয়ের এমন ঈর্ষণীয় সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় এলাকাবাসীর মধ্যে আনন্দের বন্যা বইছে। বিদ্যালয়টির ধারাবাহিক ভালো ফলাফলের সঙ্গে এবার শতভাগ বৃত্তি অর্জনের এই সাফল্য নতুন মাত্রা যোগ করেছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান বলেন, “এই সাফল্য কোনো একক ব্যক্তির নয়। এটি শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিক প্রচেষ্টা এবং অভিভাবকদের সার্বিক সহযোগিতার সম্মিলিত ফল। আমরা নিয়মিত পাঠদান, নিবিড় পর্যবেক্ষণ, অতিরিক্ত অনুশীলন ও পরীক্ষাভিত্তিক প্রস্তুতির মাধ্যমে শিক্ষার্থীদের গড়ে তোলার চেষ্টা করেছি। আল্লাহর অশেষ রহমতে আমাদের সেই প্রচেষ্টা সফল হয়েছে।”
তিনি আরও বলেন, “শিক্ষার মানোন্নয়নে বিদ্যালয়ের সকল শিক্ষক নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছেন। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় রাখতে আমরা বদ্ধপরিকর। শিক্ষার্থীদের আরও ভালো মানুষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে বিদ্যালয় কর্তৃপক্ষ সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখবে।”
এ সাফল্যের জন্য তিনি বিদ্যালয়ের সহকারী শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, পরিচালনা কমিটি এবং সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, দাড়িপাতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই কৃতিত্ব শুধু বিদ্যালয়ের নয়, বরং পুরো গোলাপগঞ্জ উপজেলার জন্যই গৌরবের বিষয়। ভবিষ্যতেও এ বিদ্যালয় থেকে আরও মেধাবী শিক্ষার্থী তৈরি হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন।
সম্পাদক প্রকাশক : খন্দকার মোঃ বদরুল আলম । কার্যালয়, মার্ভেলাস টাওয়ার দিত্বীয় তলা ১০/১১ নং অফিস সিলেট-গোলাপগঞ্জ থেকে প্রকাশিত। ফোন : ০১৭২০৫৫৪৫৯০। ই-মেইল : gbbartanews@gmail.com