গোলাপগঞ্জে চৌঘরী যুব সংগঠন এর ব্যতিক্রমী উদ্যোগ: রঙিন হলো যাত্রী ছাউনি, প্রশংসায় স্থানীয়রা
নিজস্ব প্রতিবেদক, গোলাপগঞ্জ: সমাজসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকায় ইতিবাচক পরিবর্তন আনতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সিলেটের গোলাপগঞ্জ সদর ইউনিয়নের চৌঘরী এলাকার স্বেচ্ছাসেবী সংগঠন চৌঘরী যুব সংগঠন। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এবার সংগঠনটির উদ্যোগে স্থানীয় একটি যাত্রী ছাউনিতে নতুন করে রঙ করা হয়েছে, যা ইতোমধ্যে এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছে।
যাত্রীদের জন্য অপেক্ষার স্থানটিকে পরিচ্ছন্ন, নান্দনিক ও আকর্ষণীয় করে তুলতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়। সংগঠনের সদস্যরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে যাত্রী ছাউনিটি পরিষ্কার-পরিচ্ছন্ন করার পাশাপাশি নতুন রঙের প্রলেপ দিয়ে সেটিকে দৃষ্টিনন্দন রূপ দেন। এতে স্থানীয় বাসিন্দা ও পথচারীদের মাঝে ইতিবাচক সাড়া সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে যাত্রী ছাউনিটি অবহেলিত অবস্থায় ছিল। চৌঘরী যুব সংগঠন এর এমন উদ্যোগের ফলে শুধু ছাউনির সৌন্দর্যই বৃদ্ধি পায়নি, বরং সামাজিক দায়িত্ববোধ ও স্বেচ্ছাসেবার একটি অনুকরণীয় দৃষ্টান্তও স্থাপিত হয়েছে। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও সংগঠনটি এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।
উল্লেখ্য, গোলাপগঞ্জ সদর ইউনিয়নের চৌঘরী এলাকার একদল উদ্যমী তরুণকে নিয়ে গঠিত সামাজিক সংগঠন চৌঘরী যুব সংগঠন প্রতিষ্ঠালগ্ন থেকেই বিভিন্ন উন্নয়নমূলক ও জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সংগঠনটির সদস্যরা নিয়মিত গ্রামের বিভিন্ন সড়কের পাশের ঝোপঝাড় পরিষ্কার, ড্রেনেজ ব্যবস্থা পরিচ্ছন্ন রাখা, সড়কের লাইট বা ল্যাম্পের পরিচর্যা, পরিবেশ রক্ষা এবং জনসচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে আসছেন। তাদের এসব কর্মকাণ্ড স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসিত হয়েছে।
সংগঠনের সভাপতি জুনেদ আহমদ বলেন, "আমাদের লক্ষ্য একটি পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য সমাজ গড়ে তোলা। নিজেদের সামর্থ্য অনুযায়ী আমরা এলাকার উন্নয়ন ও জনকল্যাণে কাজ করে যাচ্ছি। যাত্রী ছাউনিতে রঙ করার মাধ্যমে আমরা শুধু একটি স্থাপনার সৌন্দর্য বৃদ্ধি করিনি, বরং তরুণদের সমাজের প্রতি দায়িত্ববোধ জাগ্রত করারও চেষ্টা করেছি। ভবিষ্যতেও পরিবেশ সংরক্ষণ, পরিচ্ছন্নতা অভিযান এবং জনসেবামূলক নানা উদ্যোগ অব্যাহত থাকবে।"
তিনি আরও বলেন, সমাজের প্রতিটি তরুণ যদি নিজ নিজ এলাকার উন্নয়নে স্বেচ্ছায় এগিয়ে আসে, তবে একটি সুন্দর, পরিচ্ছন্ন ও সচেতন সমাজ গড়ে তোলা সম্ভব হবে।
সম্পাদক প্রকাশক : খন্দকার মোঃ বদরুল আলম । কার্যালয়, মার্ভেলাস টাওয়ার দিত্বীয় তলা ১০/১১ নং অফিস সিলেট-গোলাপগঞ্জ থেকে প্রকাশিত। ফোন : ০১৭২০৫৫৪৫৯০। ই-মেইল : gbbartanews@gmail.com