নোমান মাহফুজ, জিবি ডেস্ক: বাংলাদেশে বর্তমানে মোট মসজিদের সংখ্যা ৩ লাখ ৫০ হাজার ৪৬৫টি। সরকারি প্রতিষ্ঠান ইসলামিক ফাউন্ডেশনের সমন্বয় বিভাগ কর্তৃক প্রকাশিত বিভাগভিত্তিক এক সর্বশেষ পরিসংখ্যানে এই তথ্য উঠে এসেছে। সোমবার (৬ জুলাই) আনুষ্ঠানিকভাবে এই তালিকা প্রকাশ করা হয়।
ইসলামিক ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, দেশের আটটি বিভাগের মধ্যে সবচেয়ে বেশি মসজিদ রয়েছে ঢাকা বিভাগে। এই বিভাগে মসজিদের সংখ্যা ৭৫ হাজার ৯৫৬টি। দ্বিতীয় অবস্থানে থাকা চট্টগ্রাম বিভাগে রয়েছে ৬৩ হাজার ৭০৩টি মসজিদ।
এর আগে ২৫ জুন (২০২৬) জাতীয় সংসদে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ জানান, দেশে বর্তমানে কতজন ইমাম ও মোয়াজ্জিন কর্মরত, তার সুনির্দিষ্ট কোনো তথ্য সরকারের কাছে নেই। তবে ২০২০ সালের একটি হিসাব অনুযায়ী দেশে মসজিদের সংখ্যা ছিল ৩ লাখ ৩১ হাজার ১২৫। সেই হিসাবে ইমাম ও মোয়াজ্জিনের সংখ্যা ৬ লাখ ৬২ হাজার ২৫০ হতে পারে।
পরিসংখ্যান অনুযায়ী অন্য বিভাগগুলোর চিত্র নিচে দেওয়া হলো: রংপুর বিভাগ: ৪৫ হাজার ৭৯২টি। রাজশাহী বিভাগ: ৪৫ হাজার ৬৭৯টি। বরিশাল বিভাগ: ৩৫ হাজার ৬৯১টি। খুলনা বিভাগ: ৩৪ হাজার ৫৮৬টি। ময়মনসিংহ বিভাগ: ৩১ হাজার ২১২টি। সিলেট বিভাগ: ২২ হাজার ৬টি (সবচেয়ে কম)।
ইসলামিক ফাউন্ডেশনের সমন্বয় বিভাগের পরিচালক মো. মহিউদ্দিন স্বাক্ষরিত এই তথ্যপত্রে মহাপরিচালক ও উপপরিচালকের (সমন্বয়) অনুমোদন রয়েছে। মূলত দেশে ইসলামের প্রচার-প্রসার এবং সঠিক ব্যবস্থাপনার লক্ষ্যে এই পরিসংখ্যান নিয়মিত হালনাগাদ করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সম্পাদক প্রকাশক : খন্দকার মোঃ বদরুল আলম । কার্যালয়, মার্ভেলাস টাওয়ার দিত্বীয় তলা ১০/১১ নং অফিস সিলেট-গোলাপগঞ্জ থেকে প্রকাশিত। ফোন : ০১৭২০৫৫৪৫৯০। ই-মেইল : gbbartanews@gmail.com