গোলাপগঞ্জ পৌরসভার সড়কবাতি ও কবরস্থান সংস্কারের দাবিতে গোলাপগঞ্জপৌর প্রশাসকের সঙ্গে তরুণদের সাক্ষাৎ
গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের তরুণদের একটি প্রতিনিধি দল গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌরসভার প্রশাসক মো. রফিকুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এলাকার দুটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরেছে।
প্রথম দাবিতে প্রতিনিধি দল ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব দাড়িপাতন (গীর্দ্দ) গ্রামের প্রধান সড়কে সড়কবাতি (লাইটিং) স্থাপনের আবেদন জানায়। তারা জানান, পৌরসভা প্রতিষ্ঠার প্রায় ২৫ বছর পার হলেও ওই এলাকায় এখন পর্যন্ত কোনো সড়কবাতি স্থাপন করা হয়নি। ফলে সন্ধ্যার পর পুরো এলাকা অন্ধকারে নিমজ্জিত থাকে এবং জনসাধারণকে নানা ভোগান্তির শিকার হতে হয়। এ বিষয়ে পৌর প্রশাসক গুরুত্বের সঙ্গে বিষয়টি বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
দ্বিতীয় দাবিতে ৫ নম্বর ওয়ার্ডের টিকর বাড়ি গ্রামের কবরস্থান সংস্কারের আবেদন জানানো হয়। প্রতিনিধি দলের পক্ষ থেকে বলা হয়, এ কবরস্থানে আশপাশের তিন থেকে চারটি মহল্লার মৃত ব্যক্তিদের দাফন করা হয়। এছাড়াও অনেক বেওয়ারিশ লাশও এখানে দাফন করা হয়ে থাকে। বর্তমানে জায়গার সংকটের কারণে নতুন কবর দিতে সমস্যার সৃষ্টি হচ্ছে। কবরস্থানের বন-জঙ্গল পরিষ্কার, অপ্রয়োজনীয় গাছপালা অপসারণ এবং সামান্য টিলা কেটে জায়গা সমতল করলে দাফনের জন্য অতিরিক্ত স্থান সৃষ্টি হবে এবং এলাকাবাসী উপকৃত হবেন।
এ বিষয়ে পৌর প্রশাসক এলাকাবাসীর স্বাক্ষরযুক্ত একটি আবেদনপত্র জমা দেওয়ার পরামর্শ দেন এবং খুব শিগগিরই সরেজমিনে কবরস্থান পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।
পৌর প্রশাসকের ইতিবাচক আশ্বাসে উপস্থিত তরুণরা ও এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে তারা এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন।
সম্পাদক প্রকাশক : খন্দকার মোঃ বদরুল আলম । কার্যালয়, মার্ভেলাস টাওয়ার দিত্বীয় তলা ১০/১১ নং অফিস সিলেট-গোলাপগঞ্জ থেকে প্রকাশিত। ফোন : ০১৭২০৫৫৪৫৯০। ই-মেইল : gbbartanews@gmail.com