ডিসি সারওয়ার আলমের বদলির সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করলেন বেলাল আহমদ মুরাদ
সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলমের আকস্মিক বদলির সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট সিটি করপোরেশন নির্বাচনের মেয়র প্রার্থী বেলাল আহমদ মুরাদ।
রোববার (২১ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ ক্ষোভ প্রকাশ করেন। পোস্টে তিনি প্রশ্ন তুলে বলেন, “সময়ের সঠিক সিদ্ধান্ত নিয়ে সিলেটের মানুষের হৃদয়ে স্থান করে নেওয়াই কি তাঁর অপরাধ? কেন ডিসি সারওয়ার আলম মহোদয়কে বদলি করা হলো?”
বেলাল আহমদ মুরাদ দাবি করেন, যাঁরা এই দক্ষ কর্মকর্তাকে বদলি করেছেন, তাঁরা মূলত উন্নয়ন, নতুনত্ব ও জনমুখী প্রশাসনের বিরোধী। তিনি এ সিদ্ধান্তকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে নিজের ফেসবুক আইডিতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
পোস্টে তিনি বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব হানিফ সংকেত-এর একটি মন্তব্য স্মরণ করে লেখেন, “একদিন হানিফ সংকেত স্যার বলেছিলেন— সিলেট একটি ব্যতিক্রমধর্মী ডিসি পেয়েছে, অনেক ব্যতিক্রমী কাজ দেখতে পাবে।”
ডিসি সারওয়ার আলমের জনপ্রিয়তার প্রসঙ্গ তুলে বেলাল আহমদ মুরাদ বলেন, দেশের মানুষ তাঁকে প্রথমে একজন আলোচিত ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট হিসেবে চিনেছিল। পরে জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকালে তাঁর কর্মদক্ষতা, সাহসী সিদ্ধান্ত এবং জনবান্ধব কর্মকাণ্ড তাঁকে সাধারণ মানুষের কাছে আরও জনপ্রিয় করে তোলে।
তিনি আরও বলেন, এমন একজন দক্ষ ও জনপ্রিয় প্রশাসককে সিলেট থেকে সরিয়ে দেওয়ার ঘটনায় সাধারণ মানুষের মাঝেও ক্ষোভ ও হতাশা সৃষ্টি হয়েছে। ডিসি সারওয়ার আলমের বদলির সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়ে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
সম্পাদক প্রকাশক : খন্দকার মোঃ বদরুল আলম । কার্যালয়, মার্ভেলাস টাওয়ার দিত্বীয় তলা ১০/১১ নং অফিস সিলেট-গোলাপগঞ্জ থেকে প্রকাশিত। ফোন : ০১৭২০৫৫৪৫৯০। ই-মেইল : gbbartanews@gmail.com