গোলাপগঞ্জ-বিয়ানীবাজারবাসীর জন্য সুখবর আনছেন এমপি এমরান আহমদ চৌধুরী
গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার আধুনিকায়নে নতুন পরিকল্পনার কথা জানিয়েছে সরকার। একই সঙ্গে গ্যাস সংকট নিরসনের বিষয়েও জাতীয় সংসদে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করেছেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী।
রবিবার ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় (প্রথম বাজেট) অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ-এর দেওয়া উত্তরে এ তথ্য উঠে আসে।
সংসদ অধিবেশনে এমপি এমরান আহমদ চৌধুরী তাঁর নির্বাচনী এলাকা সিলেট-৬-এর গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের প্রধান বাজারগুলোতে অগ্নিকাণ্ড প্রতিরোধে ভূগর্ভস্থ (আন্ডারগ্রাউন্ড) বিদ্যুৎ লাইন স্থাপনের বিষয়ে সরকারের কোনো পাইলট প্রকল্প গ্রহণের পরিকল্পনা রয়েছে কি না, তা জানতে চান।
জবাবে মন্ত্রী জানান, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতাধীন সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-২ এলাকায় ওভারহেড লাইনের তুলনায় ভূগর্ভস্থ বিদ্যুৎ লাইন নির্মাণে প্রায় ১৫ গুণ বেশি ব্যয় হয়। ফলে বর্তমানে সরাসরি ভূগর্ভস্থ বিদ্যুৎ লাইন স্থাপনের কোনো পরিকল্পনা নেই। তবে অনুমোদন প্রক্রিয়াধীন ‘বৈদ্যুতিক বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন ও ক্ষমতাবর্ধন (সিলেট ও চট্টগ্রাম বিভাগ)’ প্রকল্পের আওতায় গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারসহ সিলেট জেলার সব উপজেলায় প্রয়োজন অনুযায়ী বিদ্যমান বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন ও ক্ষমতাবর্ধনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
এতে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের বিদ্যুৎ অবকাঠামোর উন্নয়ন এবং সেবার মান বৃদ্ধির সম্ভাবনা সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
অন্যদিকে, সংসদে গ্যাস সংকট নিয়েও প্রশ্ন তোলেন এমপি এমরান আহমদ চৌধুরী। বিশেষ করে গ্যাসসমৃদ্ধ এলাকা হওয়া সত্ত্বেও গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের সিএনজি স্টেশনগুলোতে দীর্ঘদিন ধরে বিদ্যমান গ্যাস সংকটের বিষয়ে সরকারের পদক্ষেপ জানতে চান তিনি।
জবাবে মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেন, দেশের গ্যাসের চাহিদা ও সরবরাহের মধ্যে ক্রমবর্ধমান ঘাটতির কারণে ২০১৫ সাল থেকে নতুন গ্যাস সংযোগ বন্ধ রয়েছে। একই কারণে সিএনজি স্টেশনগুলোতে অনুমোদিত মাসিক লোডের ভিত্তিতে গ্যাস সরবরাহ করা হচ্ছে। দেশীয় গ্যাসের উৎপাদন হ্রাস এবং উচ্চমূল্যে আমদানিকৃত এলএনজির সমন্বয়ে দেশের সামগ্রিক চাহিদা পূরণের চেষ্টা চলছে।
তিনি আরও জানান, বর্তমান গ্যাস সরবরাহ ঘাটতি কাটিয়ে উঠতে পারলে এবং সারাদেশে গ্যাসের ব্যবহার বৃদ্ধির সুযোগ তৈরি হলে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের সিএনজি স্টেশনগুলোর বিদ্যমান গ্যাস সংকটও দূর হবে।
স্থানীয়দের মতে, জাতীয় সংসদে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের বিদ্যুৎ ও গ্যাস সংকট নিয়ে বিষয়গুলো উত্থাপন করায় এলাকার দীর্ঘদিনের সমস্যাগুলোর সমাধানে নতুন আশার সঞ্চার হয়েছে।
সম্পাদক প্রকাশক : খন্দকার মোঃ বদরুল আলম । কার্যালয়, মার্ভেলাস টাওয়ার দিত্বীয় তলা ১০/১১ নং অফিস সিলেট-গোলাপগঞ্জ থেকে প্রকাশিত। ফোন : ০১৭২০৫৫৪৫৯০। ই-মেইল : gbbartanews@gmail.com