দৌলতদিয়া ফেরিঘাটে ফের বাস নদীতে
ডেস্ক রিপোর্ট : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে আবারও একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে গেছে। শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাটে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ‘এসবি সুপার ডিলাক্স’ পরিবহনের একটি বাস নদীতে পড়ে যায়। তবে বাসের যাত্রীরা আগে থেকেই নেমে যাওয়ায় বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটেনি।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা এসবি সুপার ডিলাক্স পরিবহনের বাসটিতে প্রায় ৩৭ জন যাত্রী ছিলেন। সকাল সাড়ে ৯টার দিকে বাসটি দৌলতদিয়ার ৭ নম্বর ঘাটে ফেরিতে ওঠার জন্য অপেক্ষা করছিল। ঘাটের এক পাশে ‘বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর’ নামে একটি বড় ফেরি এবং অপর পাশে একটি মাঝারি আকারের ফেরি নোঙর করা ছিল।
এসবি সুপার ডিলাক্স পরিবহনের দৌলতদিয়া ঘাট তত্ত্বাবধায়ক বারেক শেখ জানান, ফেরিতে ওঠার আগে যাত্রীরা বাস থেকে নেমে যান। পরে বাসটি ‘বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর’ ফেরিতে ওঠার চেষ্টা করলে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় বাসটি পাশের ফেরির র্যামে সজোরে আঘাত করে। আঘাতে র্যাম ভেঙে গেলে বাসটি সরাসরি পদ্মা নদীতে তলিয়ে যায়।
ঘটনার সময় বাসে চালক ও তাঁর সহকারী অবস্থান করছিলেন। স্থানীয় লোকজন ও উদ্ধারকারীরা দ্রুত তাঁদের উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।
উল্লেখ্য, এর আগে গত ২৫ মার্চ দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাটে কুষ্টিয়া থেকে আসা সৌহার্দ্য পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। ওই দুর্ঘটনায় ২৬ জন যাত্রী প্রাণ হারান। সাম্প্রতিক এ ঘটনায় ফেরিঘাটের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে।
সম্পাদক প্রকাশক : খন্দকার মোঃ বদরুল আলম । কার্যালয়, মার্ভেলাস টাওয়ার দিত্বীয় তলা ১০/১১ নং অফিস সিলেট-গোলাপগঞ্জ থেকে প্রকাশিত। ফোন : ০১৭২০৫৫৪৫৯০। ই-মেইল : gbbartanews@gmail.com