সিলেটে থামছেই না হামের থাবা: আরও এক শিশুর মৃত্যু, ৫২ ছাড়াল মৃতের সংখ্যা
সিলেটে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বাড়ছেই। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এর আগে আগের দুই দিনে মারা যায় আরও ৯ শিশু। ফলে সিলেট বিভাগে হাম ও এর উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২ জনে।
মারা যাওয়া শিশুটির বাড়ি দক্ষিণ সুনামগঞ্জে। তার বয়স ছিল মাত্র ৮ মাস। শনিবার (২৩ মে) সিলেটের ডা. শহিদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের সর্বশেষ প্রতিবেদনে জানা গেছে, মৃতদের মধ্যে সরাসরি হাম রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ জন। বাকি ৪৮ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম ও উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন আরও ৭৩ জন রোগী। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট ২৯৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
অন্যদিকে, একই সময়ে নমুনা পরীক্ষায় নতুন করে আরও একজনের শরীরে হাম রোগ শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের টিকাদান নিশ্চিত না করলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। তারা অভিভাবকদের দ্রুত শিশুদের হাম প্রতিরোধী টিকা দেওয়ার আহ্বান জানিয়েছেন।
সম্পাদক প্রকাশক : খন্দকার মোঃ বদরুল আলম । কার্যালয়, মার্ভেলাস টাওয়ার দিত্বীয় তলা ১০/১১ নং অফিস সিলেট-গোলাপগঞ্জ থেকে প্রকাশিত। ফোন : ০১৭২০৫৫৪৫৯০। ই-মেইল : gbbartanews@gmail.com