শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির তালিকায় পরিবর্তন
ডেস্ক রিপোর্ট : ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশকে কেন্দ্র করে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ছুটির তালিকায় সংশোধন এনেছে সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ রোববার (২৪ মে) এ সংক্রান্ত নতুন ছুটির সূচি প্রকাশ করেছে।
সংশোধিত তালিকা অনুযায়ী, সরকারি ও বেসরকারি কলেজগুলোতে ঈদুল আজহার ছুটি শুরু হয়েছে ২২ মে (শুক্রবার) থেকে। এ ছুটি চলবে আগামী ৬ জুন ২০২৬ পর্যন্ত। সাপ্তাহিক ছুটির দিন বাদ দিলে একাডেমিক ছুটি ধরা হয়েছে মোট ১০ দিন। তবে সাপ্তাহিক ছুটিসহ শিক্ষার্থীরা মোট ১৬ দিনের অবকাশ উপভোগ করবে। এর আগে প্রকাশিত সূচিতে ছুটির সময় নির্ধারণ করা হয়েছিল ২৪ মে থেকে ৪ জুন পর্যন্ত।
এদিকে, প্রাথমিক, মাধ্যমিক ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটি শুরু হওয়ার কথা ছিল ২৪ মে থেকে। তবে সাপ্তাহিক ছুটির কারণে ২১ মে (বৃহস্পতিবার) ছিল শেষ কর্মদিবস। এসব প্রতিষ্ঠানে ৪ জুন পর্যন্ত ছুটি চলবে। এরপর ৫ ও ৬ জুন সাপ্তাহিক ছুটি শেষে আগামী ৭ জুন (রবিবার) থেকে যথারীতি ক্লাস শুরু হবে। ফলে শিক্ষার্থীরা টানা ১৬ দিনের ছুটি পাচ্ছে।
অন্যদিকে, মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য আরও দীর্ঘ ছুটির ব্যবস্থা রাখা হয়েছে। আলিয়া, দাখিল, আলিম, ফাজিল ও কামিল স্তরের মাদ্রাসাগুলোতে ২৪ মে থেকে শুরু হওয়া ছুটি চলবে ১১ জুন পর্যন্ত। ১২ ও ১৩ জুন সাপ্তাহিক ছুটির পর ১৪ জুন (রবিবার) থেকে ক্লাস শুরু হবে। এতে মাদ্রাসা শিক্ষার্থীরা প্রায় ২৩ দিনের দীর্ঘ অবকাশ উপভোগ করতে পারবে।
সম্পাদক প্রকাশক : খন্দকার মোঃ বদরুল আলম । কার্যালয়, মার্ভেলাস টাওয়ার দিত্বীয় তলা ১০/১১ নং অফিস সিলেট-গোলাপগঞ্জ থেকে প্রকাশিত। ফোন : ০১৭২০৫৫৪৫৯০। ই-মেইল : gbbartanews@gmail.com