সিলেটে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত, ফের উত্তপ্ত দুই গ্রাম
স্টাফ রিপোর্টারঃ সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় প্রতিপক্ষের হামলায় আহত এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে উঠেছে দুটি গ্রাম। শুক্রবার (২২ মে) বিকাল ৫টা থেকে খাগাইল ও গৌরিনগর গ্রামের মানুষের মধ্যে নতুন করে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম আবুল মিয়া (৪০)। তিনি গৌরিনগর গ্রামের আকরম আলীর ছেলে। পেশায় তিনি ট্রাকচালক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গরুর হাটকে কেন্দ্র করে বৃহস্পতিবার দিনে খাগাইল ও গৌরিনগর গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ ও মারামারির ঘটনা ঘটে। এরই জেরে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আবুল মিয়া গাড়ি রেখে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের হামলার শিকার হন। হামলাকারীরা তাকে বেধড়ক মারধর করে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে যায়।
পরে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এ নিয়ে যান। অবস্থার অবনতি হলে পরে তাকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকাল ৩টার দিকে তিনি মারা যান।
আবুল মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার মামাতো ভাই।
এদিকে মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শুক্রবার বিকাল থেকেই খাগাইল ও গৌরিনগর গ্রামে ফের উত্তেজনা ছড়িয়ে পড়ে। শেষ খবর পাওয়া পর্যন্ত দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ চলছিল বলে স্থানীয় সূত্র জানিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে বলে জানা গেছে।
সম্পাদক প্রকাশক : খন্দকার মোঃ বদরুল আলম । কার্যালয়, মার্ভেলাস টাওয়ার দিত্বীয় তলা ১০/১১ নং অফিস সিলেট-গোলাপগঞ্জ থেকে প্রকাশিত। ফোন : ০১৭২০৫৫৪৫৯০। ই-মেইল : gbbartanews@gmail.com