সিলেট-চারখাই-শেওলা মহাসড়ক উন্নয়নে ২ হাজার ৫০৬ কোটি টাকার প্রকল্প অনুমোদন
নিজস্ব প্রতিবেদক: সিলেট অঞ্চলের যোগাযোগব্যবস্থা আধুনিকায়ন ও শেওলা স্থলবন্দরের সঙ্গে বাণিজ্যিক সংযোগ আরও শক্তিশালী করতে “সিলেট-চারখাই-শেওলা মহাসড়ক উন্নয়ন” শীর্ষক একটি বৃহৎ প্রকল্প অনুমোদন দিয়েছে সরকার। প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৫০৬ কোটি ৭ লাখ ৩৬ হাজার ২৫৫ টাকা।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীন সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) সরকারি অর্থায়ন ও বিশ্বব্যাংকের সহায়তায় প্রকল্পটি বাস্তবায়ন করবে।
বুধবার (২০ মে) বিকেলে সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
সভা সূত্রে জানা যায়, প্রকল্পের প্যাকেজ ডব্লিউপি-১ এর লট-১, ২ ও ৩ এর পূর্ত কাজের জন্য আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র আহ্বান করা হলে মোট ৪৭টি দরপ্রস্তাব জমা পড়ে। এর মধ্যে ৩৯টি প্রস্তাব কারিগরিভাবে গ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হয়।
দরপত্র মূল্যায়ন শেষে টেন্ডার ইভ্যালুয়েশন কমিটির (টিইসি) সুপারিশ অনুযায়ী সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠানগুলোকে কাজ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
লট-১ এর কাজ যৌথভাবে বাস্তবায়ন করবে মনিকো লিমিটেড ও চায়না রেলওয়ে নং-৪ ইঞ্জিনিয়ারিং গ্রুপ কোম্পানি লিমিটেড। এ অংশের ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৯৯ কোটি ৫১ লাখ ৮৪ হাজার ৪২৬ টাকা।
লট-২ এর কাজ করবে চায়না রোড অ্যান্ড ব্রিজ কর্পোরেশন। এ লটের ব্যয় নির্ধারণ করা হয়েছে ৮১৬ কোটি ৫৫ লাখ ৫১ হাজার ৮৩০ টাকা।
এছাড়া লট-৩ এর কাজ যৌথভাবে বাস্তবায়ন করবে এনডিই ও আরবিসিজি। এ অংশের ব্যয় ধরা হয়েছে ৫৮৯ কোটি ৯৯ লাখ ৯৯ হাজার ৯৯৯ টাকা।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে সিলেট অঞ্চলের সড়ক যোগাযোগে নতুন গতি আসবে, পণ্য পরিবহন আরও সহজ হবে এবং শেওলা স্থলবন্দরকেন্দ্রিক বাণিজ্যিক কার্যক্রম ব্যাপকভাবে সম্প্রসারিত হবে।
সম্পাদক প্রকাশক : খন্দকার মোঃ বদরুল আলম । কার্যালয়, মার্ভেলাস টাওয়ার দিত্বীয় তলা ১০/১১ নং অফিস সিলেট-গোলাপগঞ্জ থেকে প্রকাশিত। ফোন : ০১৭২০৫৫৪৫৯০। ই-মেইল : gbbartanews@gmail.com