ধর্ষণ ও নির্মম হত্যাকাণ্ডের শিকার দ্বিতীয় শ্রেণির ছাত্রী রামিসা আক্তারের বাসায় যান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় প্রধানমন্ত্রী তাদের সান্ত্বনা দেন এবং রামিসার বড় বোন রাইসা আক্তারের পড়ালেখাসহ সব দায়িত্ব নেওয়ার কথা জানান।
বৃহস্পতিবার (২১ মে) রাতে রাজধানীর মিরপুরের পল্লবীতে রামিসার বাসায় যান প্রধানমন্ত্রী। এ সময় শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং ধৈর্যসহকারে রামিসার বাবার কথাও শোনেন তিনি।
তাদের সঙ্গে দীর্ঘক্ষণ আলাপের পর এই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার আশ্বাস দেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন প্রমুখ।
গত মঙ্গলবার হত্যাকাণ্ডের শিকার হয় ৭ বছর বয়সী রামিসা আক্তার। এ ঘটনায় অভিযুক্ত পাশের ফ্ল্যাটের ভাড়াটে সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, সকালে শিশুটি বাসা থেকে বের হওয়ার পর ফুসলিয়ে তাকে পাশের ফ্ল্যাটে নিয়ে হত্যা করা হয়। পরে ওই ফ্ল্যাট থেকে শিশুটির খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ।
সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না এবং অজ্ঞাতপরিচয় আরেক ব্যক্তিকে আসামি করে রামিসাকে ধর্ষণ ও হত্যার অভিযোগে মামলা করেছেন তার বাবা। সোহেল রানা গতকাল ঢাকার আদালতে এ ঘটনায় দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।
সম্পাদক প্রকাশক : খন্দকার মোঃ বদরুল আলম । কার্যালয়, মার্ভেলাস টাওয়ার দিত্বীয় তলা ১০/১১ নং অফিস সিলেট-গোলাপগঞ্জ থেকে প্রকাশিত। ফোন : ০১৭২০৫৫৪৫৯০। ই-মেইল : gbbartanews@gmail.com