নেট দুনিয়ায় ‘রাগ করলা’ ঝড়! ভাইরাল যুবক আসলে কে?
ডেস্ক রিপোর্ট : সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, টিকটক ও ইউটিউবজুড়ে এখন সবচেয়ে আলোচিত সংলাপ— “রাগ করলা, কথাটা ঠিক না বেঠিক?”। একটি ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে শুরু হওয়া এই ট্রেন্ড মুহূর্তেই ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ার সর্বত্র।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, শহরের ব্যস্ত সড়কের পাশে কাঁধে ঝোলা নিয়ে এক ব্যক্তি গণকের বেশে এক যুবকের ভাগ্য গণনা করছেন। কথোপকথনের প্রতিটি পর্যায়ে বিশেষ ভঙ্গিতে তিনি বলছিলেন— “রাগ করলা?”। তার অভিনয়ের স্টাইল, চোখের ইশারা এবং সংলাপ বলার ভঙ্গিই নেটিজেনদের কাছে বিনোদনের নতুন খোরাকে পরিণত হয়েছে।
ভিডিওটি প্রকাশের পর রাতারাতি লাখো ভিউ ও শেয়ারের মাধ্যমে সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। ফেসবুক পোস্ট, মিম, কমেন্ট বক্স থেকে শুরু করে বিভিন্ন কনটেন্টেও এখন ব্যবহার হচ্ছে জনপ্রিয় এই সংলাপ।
অনুসন্ধানে জানা গেছে, ভাইরাল হওয়া ব্যক্তি কোনো বাস্তব গণক বা কবিরাজ নন। তার নাম ঈমান আলী। প্রায় দুই দশক আগে লালমনিরহাট থেকে পরিবারসহ গাজীপুরে এসে বসবাস শুরু করেন তিনি। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ থাকায় বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে অভিনয়কেই পেশা হিসেবে বেছে নিয়েছেন।
বিভিন্ন নাট্যদল ও কনটেন্ট ক্রিয়েটরদের সঙ্গে কাজ করে নিয়মিত সামাজিক সচেতনতামূলক ও হাস্যরসাত্মক ভিডিওতে অভিনয় করছেন ঈমান আলী। সম্প্রতি একটি ফেসবুক ও ইউটিউব কনটেন্টে কবিরাজের চরিত্রে অভিনয়ের অংশবিশেষ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই তিনি ভাইরাল হয়ে ওঠেন।
এ বিষয়ে ঈমান আলী বলেন,
“আমি পেশাদার কোনো কবিরাজ নই। অভিনয়ের মাধ্যমে চরিত্রটি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। মানুষ আমাকে এত ভালোবাসা দিচ্ছে, এতে আমি আনন্দিত। ভবিষ্যতেও মানুষের বিনোদনের জন্য কাজ করে যেতে চাই।”
এদিকে ভাইরাল এই ট্রেন্ড ব্যবহার করে নানা ধরনের ব্যঙ্গাত্মক ও হাস্যরসাত্মক কনটেন্ট তৈরি করছেন নেটিজেনরা। কেউ অফিসের বসের আচরণের সঙ্গে, আবার কেউ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের কঠোরতার সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন এই সংলাপে।
শুধু সাধারণ মানুষই নয়, সরকারি প্রতিষ্ঠানও এই ট্রেন্ডে অংশ নিয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন তাদের অফিসিয়াল ফেসবুক পেজে ময়লা না ফেলার সচেতনতামূলক পোস্টে লিখেছে—
“আর খালে ময়লা ফেলবা না, ওকে? রাগ করলা?”
তাদের এমন সময়োপযোগী প্রচারণা সামাজিক মাধ্যমে ব্যাপক প্রশংসা পেয়েছে। বর্তমানে “রাগ করলা?” সংলাপটি যেন দেশের অন্যতম ভাইরাল ইন্টারনেট ট্রেন্ডে পরিণত হয়েছে।
সম্পাদক প্রকাশক : খন্দকার মোঃ বদরুল আলম । কার্যালয়, মার্ভেলাস টাওয়ার দিত্বীয় তলা ১০/১১ নং অফিস সিলেট-গোলাপগঞ্জ থেকে প্রকাশিত। ফোন : ০১৭২০৫৫৪৫৯০। ই-মেইল : gbbartanews@gmail.com