আব্দুল্লাহ আল মাসুদ: সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় ভুয়া সাংবাদিকদের দৌরাত্ম্য দিন দিন বৃদ্ধি পাচ্ছে বলে অভিযোগ উঠেছে। অন্যের সংবাদ ও ছবি নিজের নামে ব্যবহার করে সাংবাদিক পরিচয়ে বিভিন্ন স্থানে ঘুরে বেড়ানোর পাশাপাশি ব্যবসায়ীদের ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবির অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।
এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী বলেন,
“গোলাপগঞ্জে ভুয়া সাংবাদিকদের দৌরাত্ম্য দিন দিন বৃদ্ধি পাচ্ছে। অনেকেই আমার কাছে অভিযোগ জানিয়েছেন, উপজেলার বিভিন্ন দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে অভিযানের নামে চাঁদা দাবি করা হয়। চাঁদা না দিলে সংবাদ প্রকাশের ভয়ভীতি প্রদর্শন করা হয়।”
তিনি আরও বলেন, এসব কর্মকাণ্ডের কারণে প্রকৃত সাংবাদিকরা বিব্রতকর পরিস্থিতিতে পড়ছেন এবং সাংবাদিকতা পেশার ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। ভুয়া পরিচয়ে অপতৎপরতা চালানো ব্যক্তিদের বিরুদ্ধে প্রশাসনের দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
অভিযোগের বিষয়ে এমন এক কথিত সাংবাদিকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি নিজেকে একটি জাতীয় গণমাধ্যমের কর্মী বলে দাবি করেন। তবে অন্যের সংবাদ ও ছবি নিজের নামে প্রচার করার বিষয়ে সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা দেননি।
স্থানীয় সচেতন মহলের মতে, সাংবাদিক পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি ও হয়রানি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা প্রকৃত গণমাধ্যমকর্মীদের তালিকা যাচাই এবং ভুয়া সাংবাদিকদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
সম্পাদক প্রকাশক : খন্দকার মোঃ বদরুল আলম । কার্যালয়, মার্ভেলাস টাওয়ার দিত্বীয় তলা ১০/১১ নং অফিস সিলেট-গোলাপগঞ্জ থেকে প্রকাশিত। ফোন : ০১৭২০৫৫৪৫৯০। ই-মেইল : gbbartanews@gmail.com