গোলাপগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ প্রতিক্ষণ-এর ভারপ্রাপ্ত সম্পাদক, সাপ্তাহিক হলি সিলেট-এর নির্বাহী সম্পাদক এবং এটিএন বাংলা ইউকে-এর সিলেট প্রতিনিধি সাংবাদিক মোঃ জহুরুল ইসলাম ও তাঁর ছোট ভাইয়ের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, গোলাপগঞ্জ উপজেলা শাখা।
সংগঠনের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, দীর্ঘদিন ধরে সততা, সাহসিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসা সাংবাদিক মোঃ জহুরুল ইসলাম সিলেট বিভাগের গণমাধ্যম অঙ্গনে একটি সুপরিচিত নাম। তিনি সত্য ও ন্যায়ের পক্ষে সবসময় সোচ্চার একজন নির্ভীক কণ্ঠস্বর হিসেবে পরিচিত।
ঘটনার বিবরণে জানা যায়, গত ১৪ ফেব্রুয়ারি গভীর রাতে নিজ এলাকা গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নে অবস্থানকালে কৃষিজমিতে অবৈধভাবে মাটি কাটার শব্দ শুনে ঘটনাস্থলে যান তিনি। সেখানে গিয়ে দেখা যায়, একটি এক্সকাভেটর দিয়ে গভীর রাতে মাটি কাটা হচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট ব্যক্তিরা কোনো সদুত্তর না দিয়ে স্থান ত্যাগ করে।
পরবর্তীতে বিষয়টি তাৎক্ষণিকভাবে প্রশাসনকে অবহিত করলে গোলাপগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মাটি কাটা বন্ধ করে এবং এক্সকাভেটরটি সরিয়ে নেয়।
বিবৃতিতে আরও বলা হয়, একজন দায়িত্বশীল সাংবাদিক হিসেবে অনিয়মের বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং সংবাদ প্রকাশ করাই ছিল তাঁর একমাত্র “অপরাধ”। অথচ এর জেরে তাঁর ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করা হয়েছে, যা অত্যন্ত ন্যাক্কারজনক ও দুঃখজনক। এটি স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত বলেও উল্লেখ করা হয়।
সংগঠনটি দাবি জানায়— অবিলম্বে মিথ্যা অভিযোগ প্রত্যাহার করতে হবে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করতে হবে।
বিবৃতির শেষে বলা হয়, “সত্যকে দমিয়ে রাখা যায় না। সত্য আরও শক্তিশালী হয়ে ফিরে আসে। সাংবাদিকতার স্বাধীনতা রক্ষা হোক, সত্যের জয় হোক।”
সম্পাদক প্রকাশক : খন্দকার মোঃ বদরুল আলম । কার্যালয়, মার্ভেলাস টাওয়ার দিত্বীয় তলা ১০/১১ নং অফিস সিলেট-গোলাপগঞ্জ থেকে প্রকাশিত। ফোন : ০১৭২০৫৫৪৫৯০। ই-মেইল : gbbartanews@gmail.com