সিলেটে যথাযোগ্য মর্যাদা ও গভীর ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র শবে কদর পালিত হচ্ছে।
সোমবার (১৬ মার্চ) রাতে মহান আল্লাহর রহমত কামনায় মুসল্লিরা নফল নামাজ, কোরআন তিলাওয়াত, জিকির ও বিশেষ মোনাজাতের মাধ্যমে রাতটি অতিবাহিত করছেন। সিলেট নগরীর মসজিদগুলোতে তারাবিহ নামাজের পর ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। ধর্মপ্রাণ মুসলমানরা সারারাত ইবাদত, মিলাদ মাহফিল এবং নিজের ও মুসলিম উম্মাহর মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করতে দেখা গেছে। অপরদিকে নগরীর শপিং মহলগুলোতে কেনাকাটায় ব্যস্ত রয়েছেন ক্রেতা-বিক্রেতারা। তবে অধিকাংশ ব্যবসায়ী দোকানের কর্মচারী নিয়ে নামাজ আদায় করার পর পরই ব্যবসা প্রতিষ্ঠান খুলে বসেন।
এছাড়া সিলেট হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদ, হযরত শাহপরাণ (রহ.) মসজিদ, বুরাহান উদ্দিন (রহ.) মসজিদ, নাইওরপুল জামেয়া মসজিদ, কোর্ট পয়েন্টের বন্দরবাজার জামে মসজিদসহ বিভিন্ন মসজিদে মুসল্লিদের উপচে পড়া ভিড় ছিলো লক্ষ্যণীয়। মুসল্লিদের নিরাপত্তার স্বার্থে শাহজালাল (রহ.) দরগাহ মসজিদ ও শাহপরাণ (রহ.) মসজিদের গোয়েন্দা পুলিশের পাশাপাশি নিরাপত্তার দায়িত্ব পালন করছে পুলিশ। এসময় সন্দেহজনক ব্যক্তিদের তল্লাশি করতেও দেখা গেছে পুলিশকে।
জানা যায়, সোমবার তারাবিহ নামাজের পর সিলেটের হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদে ও হযরত শাহপরাণ (রহ.) মাজার মসজিদে খতমে তারাবিহ নামাজ শেষে বিশেষ ইবাদত ও মোনাজাত করতে দেখা যায় মুসল্লিদের। এসময় দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। যেখানে দেশের সামগ্রিক পরিস্থিতি, শান্তি, স্থিতিশীলতা এবং রাষ্ট্রীয় বিভিন্ন সমস্যা সমাধানের জন্যও আল্লাহর কাছে দোয়া চাওয়া হয়। এরপর শবে কদর উপলক্ষে অনেকে কবরস্থানে গিয়ে আত্মীয়-স্বজনের রুহের মাগফেরাত কামনা করেছেন। পবিত্র শবে কদর ধর্মপ্রাণ মুসল্লিদের জন্য এক বিশেষ দিন। এ দিনটি তারা ইবাদত-বন্দেগির মাধ্যমে কাটানোর চেষ্টা করেন। বিশেষ করে রাতের বেলায় বরকতময় রজনীর সন্ধানে মসজিদে দীর্ঘসময় অতিবাহিত করেন। অনেকেই বিশ্বাস করেন, এই রাতে ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছ থেকে বিশেষ রহমত ও মাগফিরাত লাভ করা যায়। তাই, সিলেটের ধর্মপ্রাণ মানুষজন ব্যক্তিগত ও সমষ্টিগতভাবে ইবাদতে মশগুল থাকেন, বিশেষত লাইলাতুল কদরের সন্ধানেও মনোযোগী হন।
সম্পাদক প্রকাশক : খন্দকার মোঃ বদরুল আলম । কার্যালয়, মার্ভেলাস টাওয়ার দিত্বীয় তলা ১০/১১ নং অফিস সিলেট-গোলাপগঞ্জ থেকে প্রকাশিত। ফোন : ০১৭২০৫৫৪৫৯০। ই-মেইল : gbbartanews@gmail.com