
আব্দুল্লাহ আল মাসুদ :
সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে বিএনপির মনোনীত প্রার্থী এড.এমরান আহমদ চৌধুরী ভূমিধস বিজয় অর্জন করেছেন। প্রাপ্ত ফলাফল অনুযায়ী তিনি ৮ হাজার ৭৮৯ ভোটের ব্যবধানে জয় লাভ করেন। তার মোট প্রাপ্ত ভোট ৯৭ হাজার ৯৪৬।
নির্বাচনের ফলাফল বেসরকারি ভাবে ঘোষণার পরপরই গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ দেখা যায়। বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ, আনন্দ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়। দলীয় কার্যালয়গুলোতে নেতা-কর্মীদের ভিড় লক্ষ্য করা যায়।
গোলাপগঞ্জ পৌর শহর, বিয়ানীবাজার বাজারসহ বিভিন্ন ইউনিয়নে বিজয় মিছিল বের করেন নেতাকর্মীরা। মিছিলে অংশগ্রহণকারীরা দলীয় স্লোগান দেন এবং প্রার্থীর বিজয়কে জনগণের রায় হিসেবে উল্লেখ করেন।
এ সময় বিএনপির স্থানীয় নেতারা বলেন, এই বিজয় সাধারণ মানুষের প্রত্যাশার প্রতিফলন। তারা এলাকার উন্নয়ন, শান্তি ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
অপরদিকে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সতর্ক অবস্থানে ছিল।
উল্লেখ্য, সিলেট-৬ আসনটি দীর্ঘদিন ধরে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়ে আসছে। এবারের নির্বাচনে ভোটার উপস্থিতি ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে এ ফলাফল আসে।
সম্পাদক প্রকাশক : খন্দকার মোঃ বদরুল আলম । কার্যালয়, মার্ভেলাস টাওয়ার দিত্বীয় তলা ১০/১১ নং অফিস সিলেট-গোলাপগঞ্জ থেকে প্রকাশিত। ফোন : ০১৭২০৫৫৪৫৯০। ই-মেইল : gbbartanews@gmail.com