আব্দুল্লাহ আল মাসুদ:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট–৬ (গোলাপগঞ্জ–বিয়ানীবাজার) আসনে নির্বাচনী উত্তাপ দিন দিন বাড়ছে। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে এই আসনে বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন তিন প্রভাবশালী এমপি পদপ্রার্থী। তারা হলেন—বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট এমরান আহমদ চৌধুরী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন এবং স্বতন্ত্র প্রার্থী হাফিজ মাওলানা ফখরুল ইসলাম।
নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে, ততই মাঠে সক্রিয় হয়ে উঠছেন এই তিন প্রার্থী।
প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার গ্রাম থেকে গ্রামান্তরে চলছে তাদের ব্যস্ত নির্বাচনী কার্যক্রম। গণসংযোগ, প্রচার মিছিল, উঠান বৈঠক, পথসভা ও লিফলেট বিতরণের মাধ্যমে ভোটারদের দ্বারে দ্বারে পৌঁছানোর চেষ্টা চালাচ্ছেন তারা।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপি প্রার্থী এড. এমরান আহমদ চৌধুরী দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা ও দলীয় সমর্থনকে পুঁজি করে ব্যাপক জনসংযোগ চালাচ্ছেন। অন্যদিকে জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন সংগঠিত কর্মীবাহিনী ও ধর্মপ্রাণ ভোটারদের সমর্থন নিয়ে মাঠে সরব রয়েছেন। অপরদিকে স্বতন্ত্র প্রার্থী হাফিজ মাওলানা ফখরুল ইসলাম নিজেকে একজন সৎ ও আদর্শবান প্রার্থী হিসেবে তুলে ধরে সাধারণ ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন।
যদিও এই আসনে আরও দুইজন এমপি পদপ্রার্থী রয়েছেন—গণঅধিকার পরিষদের প্রার্থী এডভোকেট জাহিদুর রহমান এবং জাতীয় পার্টির প্রার্থী আব্দুর নূর, তবে এখন পর্যন্ত তাদের প্রচারণা ও উপস্থিতি আলোচনার শীর্ষে আসেনি বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
স্থানীয় সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, ভোটাররা এবারের নির্বাচন নিয়ে বেশ আগ্রহী ও কৌতূহলী। তারা বলছেন, “প্রচারণায় তিনজনই মাঠে শক্ত অবস্থান তৈরি করেছেন। শেষ পর্যন্ত ১২ ফেব্রুয়ারি বিজয়ের শেষ হাসি কে হাসবে, সেটাই এখন দেখার বিষয়।”
রাজনৈতিক অঙ্গনে ধারণা করা হচ্ছে, সিলেট–৬ আসনে এবারের নির্বাচন হবে হাড্ডাহাড্ডি ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। প্রচারণার গতি, ভোটারদের মনোভাব ও শেষ মুহূর্তের কৌশলই নির্ধারণ করবে এই আসনের ভাগ্য।
সব মিলিয়ে, আগামী কয়েকদিন সিলেট–৬ আসনের রাজনীতি আরও উত্তপ্ত হবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। এখন শুধু সময়ের অপেক্ষা—ব্যালট বাক্স খুললেই জানা যাবে কারা হাসবেন বিজয়ের শেষ হাসি।
সম্পাদক প্রকাশক : খন্দকার মোঃ বদরুল আলম । কার্যালয়, মার্ভেলাস টাওয়ার দিত্বীয় তলা ১০/১১ নং অফিস সিলেট-গোলাপগঞ্জ থেকে প্রকাশিত। ফোন : ০১৭২০৫৫৪৫৯০। ই-মেইল : gbbartanews@gmail.com