
নিজস্ব প্রতিনিধি:
গোলাপগঞ্জে স্বতন্ত্র প্রার্থী হাফিজ মাওলানা ফখরুল ইসলামের নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) গোলাপগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডের সরস্বতী এলাকায় নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে একটি উঠান বৈঠকের আয়োজন করা হয়।
অভিযোগ সূত্রে জানা যায়, উক্ত উঠান বৈঠকে স্বতন্ত্র প্রার্থী হাফিজ মাওলানা ফখরুল ইসলামের সমর্থক ও কর্মীরা উপস্থিত হলে জামায়াতের কিছু লোকজন সেখানে এসে বৈঠকে বাধা প্রদান করেন। এতে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় এবং শেষ পর্যন্ত বৈঠকটি সম্পন্ন করা সম্ভব হয়নি।
এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী হাফিজ মাওলানা ফখরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন,
“আমি প্রতিহিংসার রাজনীতি করতে আসিনি। আমরা মানুষের জন্য কাজ করতে এসেছি। এমন পরিস্থিতি সৃষ্টি হওয়ায় আমি আমার কর্মী ও সমর্থকদের নিয়ে সেখান থেকে চলে আসি।”
তিনি আরও বলেন,
“নির্বাচনী প্রচারণার প্রথম দিনেই যদি এ ধরনের বাধার সম্মুখীন হতে হয়, তাহলে আমরা কীভাবে আমাদের প্রচারণা চালাব? এটি গণতান্ত্রিক পরিবেশের জন্য উদ্বেগজনক।”
ঘটনার বিষয়ে তিনি রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করবেন বলেও জানান।
এদিকে, ঘটনাটি নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে বক্তব্য জানার জন্য পৌর জামায়াতে আমীর রেহান উদ্দিন রায়হানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
সম্পাদক প্রকাশক : খন্দকার মোঃ বদরুল আলম । কার্যালয়, মার্ভেলাস টাওয়ার দিত্বীয় তলা ১০/১১ নং অফিস সিলেট-গোলাপগঞ্জ থেকে প্রকাশিত। ফোন : ০১৭২০৫৫৪৫৯০। ই-মেইল : gbbartanews@gmail.com