
আব্দুল্লাহ আল মাসুদ:
সিলেট-৬ (গোলাপগঞ্জ–বিয়ানীবাজার) সংসদীয় আসনে বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে কে হবেন চূড়ান্ত প্রার্থী—তা নিয়ে স্থানীয় বিএনপির মধ্যে চরম বিভ্রান্তি ও কৌতূহলের সৃষ্টি হয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, প্রথম দফায় গত ২০ ডিসেম্বর বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীকে সিলেট-৬ আসনের দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়। কিন্তু এর মাত্র সাত দিনের ব্যবধানে, ২৭ ডিসেম্বর, একই আসনে বিএনপির আরেক নেতা ফয়সল আহমদ চৌধুরীকে মনোনয়ন দেওয়া হলে শুরু হয় জল্পনা-কল্পনা।
এই দুই নেতার মনোনয়ন নিয়ে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে স্পষ্ট বিভাজন দেখা দিয়েছে। অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর কর্মী ও সমর্থকরা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দাবি করছেন, এমরান আহমদ চৌধুরীই বিএনপির চূড়ান্ত মনোনীত প্রার্থী এবং ফয়সল আহমদ চৌধুরীকে রাখা হয়েছে সংযুক্তি-২ হিসেবে। তাদের মতে, কোনো কারণে যদি নির্বাচন কমিশন অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর মনোনয়ন বাতিল করে, তাহলে সংযুক্তি-২ হিসেবে ফয়সল আহমদ চৌধুরী দলীয় প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন।
অন্যদিকে, ফয়সল আহমদ চৌধুরীকে মনোনয়ন দেওয়ার পর থেকেই তার কর্মী ও সমর্থকরা ফেসবুকে প্রচার করছেন যে, বিএনপি সিলেট-৬ আসনে প্রার্থী পরিবর্তন করেছে এবং ফয়সল আহমদ চৌধুরীকেই চূড়ান্ত মনোনয়ন দিয়েছে দল।
এই দ্বিধাবিভক্ত অবস্থার মধ্যেই আজ ২৯ ডিসেম্বর, মনোনয়ন দাখিলের শেষ দিনে বিএনপির মনোনীত এই দুই প্রার্থীই আলাদাভাবে মনোনয়নপত্র দাখিল করেছেন।
অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী গোলাপগঞ্জ উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তার মনোনয়ন জমা দেন। অপরদিকে, ফয়সল আহমদ চৌধুরী সিলেট জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন।
এ ঘটনায় সিলেট-৬ আসনের স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি আরও বেড়েছে। অনেক নেতাকর্মী বলছেন, কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে এখনো সুস্পষ্ট ঘোষণা না আসায় মাঠপর্যায়ে দলীয় কার্যক্রমে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
তবে স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে, সব জল্পনার অবসান ঘটবে ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দের দিনে। ওই দিনই স্পষ্ট হবে—সিলেট-৬ আসনে ধানের শীষের কাণ্ডারি আসলে কে, এমরান আহমদ চৌধুরী নাকি ফয়সল আহমদ চৌধুরী।
সম্পাদক প্রকাশক : খন্দকার মোঃ বদরুল আলম । কার্যালয়, মার্ভেলাস টাওয়ার দিত্বীয় তলা ১০/১১ নং অফিস সিলেট-গোলাপগঞ্জ থেকে প্রকাশিত। ফোন : ০১৭২০৫৫৪৫৯০। ই-মেইল : gbbartanews@gmail.com