
আব্দুল্লাহ আল মাসুদ:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬(গোলাপগঞ্জ–বিয়ানীবাজার) আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের তরুণ নেতা হাফিজ মাওলানা ফখরুল ইসলামকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিএনপির সঙ্গে জমিয়তের জোটভুক্তি চূড়ান্ত হলেও তিনি নির্বাচনী মাঠ ছাড়ছেন না। বরং স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
আজ ২৩(ডিসেম্বর) বিএনপি ও জোটভুক্ত দলগুলোর মধ্যে আসন সমঝোতা চূড়ান্ত হয়। এর আওতায় বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলাম চারটি সংসদীয় আসন পেলেও সিলেট-৬ আসনটি সেই তালিকায় না থাকায় দলটির স্থানীয় নেতাকর্মীদের মধ্যে হতাশা দেখা দেয়। দীর্ঘদিন ধরেই এই আসনে জমিয়তের সম্ভাব্য প্রার্থী হিসেবে কাজ করে আসছিলেন হাফিজ মাওলানা ফখরুল ইসলাম।
তিনি গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার গ্রাম থেকে গ্রামান্তরে নিয়মিত গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। নিজ অর্থায়নে গ্রামীণ সড়কের সংস্কার ও উন্নয়ন কাজ সম্পন্ন করে সাধারণ মানুষের দীর্ঘদিনের ভোগান্তি লাঘব করেন। পাশাপাশি মানবিক সহায়তা, সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা ও সমর্থন অর্জন করেন তিনি।
এ বিষয়ে হাফিজ মাওলানা ফখরুল ইসলাম বলেন,আমি মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়েই রাজনীতি করি। এলাকার মানুষের পাশে থাকার অঙ্গীকার থেকেই নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। দলীয় মনোনয়ন না পেলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের মাঠে থাকব—এটাই আমার চূড়ান্ত সিদ্ধান্ত।
তিনি আরও বলেন, নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, এলাকার উন্নয়ন, সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন এবং সামাজিক কর্মকাণ্ডে আগের মতোই সক্রিয় থাকবেন তিনি।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফখরুল ইসলামের অংশগ্রহণে সিলেট-৬ আসনের নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা আরও তীব্র ও বহুমাত্রিক হবে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষক ও ভোটাররা। অনেকের মতে, তার অবস্থান ভোটের হিসাব-নিকাশে নতুন মাত্রা যোগ করবে।
সম্পাদক প্রকাশক : খন্দকার মোঃ বদরুল আলম । কার্যালয়, মার্ভেলাস টাওয়ার দিত্বীয় তলা ১০/১১ নং অফিস সিলেট-গোলাপগঞ্জ থেকে প্রকাশিত। ফোন : ০১৭২০৫৫৪৫৯০। ই-মেইল : gbbartanews@gmail.com