
ডেস্ক রিপোর্ট:
ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগে এক শ্রমিককে পিটিয়ে হত্যা ও মরদেহে আগুন দেওয়ার ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৪)।
শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে ভালুকাসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার (২০ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন মো: লিমন সরকার (১৯), মো: তারেক হোসেন (১৯), মো: মানিক মিয়া (২০), এরশাদ আলী (৩৯), নিজুম উদ্দিন (২০), আলমগীর হোসেন (৩৮) ও মো: মিরাজ হোসেন আকন (৪৬)।
র্যাব সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) রাতে ধর্ম অবমাননার অভিযোগ তুলে বিক্ষুব্ধ জনতা ভালুকা উপজেলার জামিরদিয়া এলাকায় অবস্থিত পাইওনিয়ার নিটওয়্যারস বিডি লিমিটেডের শ্রমিক দিপু চন্দ্র দাসকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে। পরে তার মরদেহ গাছে ঝুলিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়।
নিহত দিপু চন্দ্র দাস (২৮) ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার মোকামিয়া কান্দা গ্রামের বাসিন্দা এবং রবি চন্দ্র দাসের ছেলে।
এ ঘটনায় নিহতের ছোট ভাই অপু চন্দ্র দাস বাদী হয়ে শুক্রবার (১৯ ডিসেম্বর) ভালুকা মডেল থানায় ১৫০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক প্রকাশক : খন্দকার মোঃ বদরুল আলম । কার্যালয়, মার্ভেলাস টাওয়ার দিত্বীয় তলা ১০/১১ নং অফিস সিলেট-গোলাপগঞ্জ থেকে প্রকাশিত। ফোন : ০১৭২০৫৫৪৫৯০। ই-মেইল : gbbartanews@gmail.com