
অনলাইন ডেস্ক
সবসময় আলোচনায় থাকা স্বাধীন প্রার্থী ও আলোচিত ব্যক্তি আশরাফুল আলম ওরফে হিরো আলম আবারও চমক দেখিয়েছেন। এবার তিনি জানিয়েছেন, জনগণ সাহস দিলে গোপালগঞ্জ-৩ আসনে থেকে নির্বাচনে লড়তে চান—যে আসনেই দীর্ঘদিন ধরে নির্বাচন করে আসছেন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সম্প্রতি এক বক্তব্যে হিরো আলম বলেন,আমি দুই আসনে নির্বাচনে লড়ব। একটা বগুড়ায়, আরেকটা ঢাকায়। তবে জনগণ যদি সাহস দেয় তাহলে শেখ হাসিনার আসনেও প্রার্থী হতে চাই।
তিনি নিজের ফেসবুক পেজে লেখেন,জনগণ সাহস দিলে গোপালগঞ্জ শেখ হাসিনার আসনে নির্বাচন করতে চাই। কী, গোপালগঞ্জের লোক ভোট দেবেন তো?
হিরো আলম আরও জানান, রাজনীতি করার মূল লক্ষ্য তার জনগণের সেবা করা। তিনি বিশ্বাস করেন, যদি গোপালগঞ্জের মানুষ তাকে ভালোবাসা ও সমর্থন দেন, তাহলে তিনি পরিবর্তনের বার্তা দিতে পারবেন।
এর আগে হিরো আলম ঘোষণা দিয়েছেন, তিনি ঢাকা-১৭ ও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকেও প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। কেন দুই আসনে নির্বাচন করছেন জানতে চাইলে তিনি বলেন,এর আগেও দুই আসন থেকে নির্বাচন করেছি। এই আসনগুলোর মানুষের সঙ্গে আমার আলাদা সম্পর্ক আছে। ঢাকায় নির্বাচনের ঘোষণা দেওয়ার পর অনেকে কল দিয়ে উৎসাহ দিয়েছে। তাই সিদ্ধান্ত নিয়েছি—দুই জায়গা থেকেই প্রার্থী হব।
ঢাকা-১৭ আসনে হিরো আলমের প্রতিদ্বন্দ্বিতা হবে বেশ কয়েকজন শক্ত প্রার্থীর সঙ্গে। এর মধ্যে আছেন বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)-এর চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, পাশাপাশি জামায়াতে ইসলামী বাংলাদেশ, এনসিপিসহ আরও কয়েকটি দলের প্রার্থীও এই আসনে অংশ নেবেন।
অন্যদিকে, বগুড়া-৪ আসনে বিএনপি থেকে মোশারফ হোসেনকে সম্ভাব্য প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে। এখানে হিরো আলম স্বতন্ত্র প্রার্থী হিসেবেই প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে নিশ্চিত করেছেন।
হিরো আলম জানান, বর্তমানে অনেক দলের নেতাদের সঙ্গে আলোচনা চলছে। তিনি বলেন,ব্যাটে-বলে মিললে কোনো দলে যাব। না মিললে স্বতন্ত্র প্রার্থী হয়েই নির্বাচনের মাঠে থাকব।
সম্পাদক প্রকাশক : খন্দকার মোঃ বদরুল আলম । কার্যালয়, মার্ভেলাস টাওয়ার দিত্বীয় তলা ১০/১১ নং অফিস সিলেট-গোলাপগঞ্জ থেকে প্রকাশিত। ফোন : ০১৭২০৫৫৪৫৯০। ই-মেইল : gbbartanews@gmail.com