আব্দুল্লাহ আল মাসুদ :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় সহ-সংগঠন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর আহবায়ক ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য হেলাল খান দলীয় প্রাথমিক মনোনয়ন তালিকা প্রকাশের পর তার প্রতিক্রিয়া জানিয়েছেন।
তিনি বলেন, “দেশব্যাপী তৃণমূল থেকে কেন্দ্রীয় পর্যন্ত আমার প্রাণপ্রিয় জাসাস কর্মী, নেতৃবৃন্দ এবং আমার জন্মভূমি তথা সংসদীয় আসন সিলেট-৬ এর সকল সমর্থক ও জনতাকে ধন্যবাদ জানাই।”
গতকাল বিএনপি সারা দেশের ২৩৭টি আসনের প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করেছে। এতে নির্বাচিত প্রার্থীদের আগাম শুভেচ্ছা জানিয়ে হেলাল খান বলেন, “প্রাথমিকভাবে নির্বাচিত সবাইকে কেন্দ্রীয় জাসাসের পক্ষ থেকে আগাম বিজয়ী শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।”
তবে একই সঙ্গে তিনি নিজের সমর্থকদের উদ্দেশে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, “আপনারা কিছুটা হতাশ হয়েছেন, সেটি স্বাভাবিক। কিন্তু আমি বলবো, ধৈর্য ধারণ করুন। আমাদের অভিভাবক ও আগামীর বাংলাদেশের রূপকার তারেক রহমান অবশ্যই আমাকে সুযোগ প্রদানের মাধ্যমে আপনাদের আশার প্রতিফলন দিবেন।”
হেলাল খান আরও বলেন, “আমি অতীতেও দলের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল ছিলাম, আজও আছি। ধানের শীষ যার হাতেই থাকুক, তার হয়ে বিজয় ছিনিয়ে আনতে হবে। আমাদের পথ এখনো বহু দূর।”
তিনি দলের প্রতি নিজের আনুগত্য পুনর্ব্যক্ত করে বলেন, “আমি কখনো দলের আদর্শ বা নিজের ব্যক্তিত্বকে প্রশ্নবিদ্ধ করতে চাইনি। আমার জন্য বিবেচনা হবে দলের বিচক্ষণতা ও বিবেকের আলোকে। বহু ত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়ে আজ এখানে এসেছি শুধুমাত্র জাতীয়তাবাদী আদর্শের ভালোবাসায়।”
বিবৃতির শেষাংশে তিনি দলের নেতাকর্মী ও জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন,আমাদের সবার লক্ষ্য একটাই—তারুণ্যের অহংকার তারেক রহমানের স্বপ্নের বাংলাদেশ গড়া। নমিনেশন যেই পাক, ধানের শীষ এগিয়ে যাক—এটাই শেষ কথা।
সম্পাদক প্রকাশক : খন্দকার মোঃ বদরুল আলম । কার্যালয়, মার্ভেলাস টাওয়ার দিত্বীয় তলা ১০/১১ নং অফিস সিলেট-গোলাপগঞ্জ থেকে প্রকাশিত। ফোন : ০১৭২০৫৫৪৫৯০। ই-মেইল : gbbartanews@gmail.com