অনলাইন ডেস্ক
ময়মনসিংহের গফরগাঁওয়ে এক বীর মুক্তিযোদ্ধাকে গাছে বেঁধে গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করার ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার পাগলা থানার মশাখালী ইউনিয়নের মুখী গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী মুক্তিযোদ্ধা হলেন— আব্দুল করিম মিলিটারি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পুলিশের হাতে সোপর্দ করেন।
পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “মুক্তিযোদ্ধা আব্দুল করিমকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। এক কিশোরীর বাবা থানায় মামলা দায়ের করেছেন এবং সেই মামলায় মুক্তিযোদ্ধাকে আসামি করা হয়েছে।”
তবে জুতার মালা পরানোর বিষয়টি তিনি নিশ্চিত করেননি।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, মুক্তিযোদ্ধা আব্দুল করিম এক কিশোরীকে ঘরে একা পেয়ে শ্লীলতাহানির চেষ্টা করেছেন।
তবে সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, দীর্ঘদিন ধরে মুক্তিযোদ্ধা আব্দুল করিমের সঙ্গে প্রতিবেশীদের জমিজমা সংক্রান্ত বিরোধ চলছে।
ভুক্তভোগীর ছেলে দিদার আলম বলেন, “প্রতিবেশীদের সঙ্গে জমি নিয়ে আগেই মামলা নিষ্পত্তি হয়েছিল। কিন্তু জুলাই অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে বুলবুল, মজিদ, হুমায়ুন ও হেলালসহ কয়েকজন আমাদের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় তারা আগেও বাবার ওপর হামলার চেষ্টা করেছিল।”
তিনি আরও জানান, “ঘটনার দিন আমার বাবা বাজার থেকে ফেরার পথে ওই সন্ত্রাসীরা তাকে আটকিয়ে গালাগালি, মারধর করে গলায় জুতার মালা পরিয়ে অপমান করে। এরপর ২০ লাখ টাকা চাঁদা দাবি করে বলে, টাকা না দিলে গ্রাম ছেড়ে চলে যেতে হবে।”
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে অভিযুক্তরা দ্রুত মুক্তিযোদ্ধাকে পুলিশের হাতে তুলে দেয় এবং মামলার আসামি করা হয়।
সূত্র : সমকাল
সম্পাদক প্রকাশক : খন্দকার মোঃ বদরুল আলম । কার্যালয়, মার্ভেলাস টাওয়ার দিত্বীয় তলা ১০/১১ নং অফিস সিলেট-গোলাপগঞ্জ থেকে প্রকাশিত। ফোন : ০১৭২০৫৫৪৫৯০। ই-মেইল : gbbartanews@gmail.com