
আব্দুল্লাহ আল মাসুদ:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশের মতো সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনেও শুরু হয়েছে নির্বাচনী তৎপরতা। মাঠে এখন সরব হয়ে উঠেছে বিএনপি, জামায়াত, গণধিকার পরিষদ, জমিয়তে উলামায়ে ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দল। প্রার্থীরা গ্রাম থেকে শহর, হাটবাজার থেকে মসজিদ-মাদ্রাসা সব জায়গায় ভোটারদের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছেন, মতবিনিময় সভা ও গণসংযোগে ব্যস্ত সময় কাটাচ্ছেন।
তবে আশ্চর্যের বিষয়, বিগত নির্বাচনে সক্রিয় থাকা জাতীয় পার্টিকে এবার মাঠে দেখা যাচ্ছে না এবং নতুন ঘোষিত দল এনসিপির কোনো প্রচারণা, সভা বা নির্বাচনী পোস্টার এখনো চোখে পড়েনি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, তাদের এই নীরবতা আসন্ন নির্বাচনে ভোটের ভারসাম্যে পরিবর্তন আনতে পারে।
বিগত নির্বাচনসমূহে জাতীয় পার্টি প্রার্থীসহ পুরো সংগঠন নিয়ে মাঠে নেমেছিল। ভোটের দিন পর্যন্ত দলটি এলাকায় কার্যক্রম চালিয়ে যায়। কিন্তু এবারের নির্বাচনে সেই তৎপরতা অনুপস্থিত।
অন্যদিকে, নতুন ঘোষিত দল ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি) ঘোষণার পর রাজনীতিতে আলোচনায় এলেও এখনো মাঠপর্যায়ে তাদের উপস্থিতি দেখা যাচ্ছে না। বিশেষত সিলেট অঞ্চলে দলটির কোনো সাংগঠনিক কাঠামো বা প্রচারণা কার্যক্রম এখনো গড়ে ওঠেনি।
উল্লেখ্য, সিলেট-৬ আসনটি বিগত ১৫ বছর ধরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নিয়ন্ত্রণে ছিল। গত নির্বাচনে এ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী বিজয়ী হন। তবে জুলাই গনঅভ্যুত্থানে পর সেই চিত্র বদলে যায়। কারণ, মাঠে সক্রিয় দলগুলোর মধ্যে বিএনপি-জামায়াত গণধিকার পরিষদ জমিয়তে উলামায়ে ইসলাম শক্ত অবস্থানে রয়েছে। তারা ইতোমধ্যে স্থানীয় পর্যায়ে জনসংযোগ, মিছিল-মিটিং এবং কর্মী সমাবেশের মাধ্যমে নির্বাচনী গতি বাড়িয়ে তুলেছে।
গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন অঞ্চলে ঘুরে দেখা গেছে, ভোটারদের মধ্যে নির্বাচনী আগ্রহ বাড়ছে। চা-চক্রে, হাটবাজারে এবং সামাজিক আড্ডায় এখন আলোচনার মূল বিষয় আসন্ন নির্বাচন। গোলাপগঞ্জের স্থানীয় ভোটার লায়েক আহমদ বলেন, এবারের ভোটটা অনেক জমজমাট হবে বলে মনে হচ্ছে। বিএনপি, জামায়াত গণধিকার পরিষদ ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ বেশ সরব। কিন্তু যেসব দল আগে মাঠে ছিল বিশেষ করে জাতীয় পার্টি—তাদের দেখা যাচ্ছে না।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জাতীয় পার্টি ও এনসিপির অনুপস্থিতি সিলেট-৬ আসনে বড় পরিবর্তন আনতে পারে। কারণ, জাতীয় পার্টির ঐতিহ্যগতভাবে এখানে একটি ভোট ব্যাংক ছিল, যা এবার হয়তো অন্য দলের দিকে সরবে। এতে বিএনপি, জামায়াত ও অন্য দলগুলো মাঠে সুবিধাজনক অবস্থানে যেতে পারে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যত ঘনিয়ে আসছে, সিলেট-৬ আসনে তত বাড়ছে উত্তেজনা ও তৎপরতা। বিভিন্ন দলের প্রচারণা, কর্মী সভা ও সম্ভাব্য প্রার্থীদের পদচারণায় সরব হচ্ছে রাজনীতি। তবে জাতীয় পার্টি ও এনসিপির অনুপস্থিতি এই আসনের নির্বাচনী সমীকরণে নতুন ধরণের অনিশ্চয়তা তৈরি করেছে।
সম্পাদক প্রকাশক : খন্দকার মোঃ বদরুল আলম । কার্যালয়, মার্ভেলাস টাওয়ার দিত্বীয় তলা ১০/১১ নং অফিস সিলেট-গোলাপগঞ্জ থেকে প্রকাশিত। ফোন : ০১৭২০৫৫৪৫৯০। ই-মেইল : gbbartanews@gmail.com