নিউজ ডেস্ক:
সিলেটের দক্ষিণ সুরমায় সিটি করপোরেশন ডাম্পিং পারাইরচক এলাকার রেললাইন থেকে মতিউর রহমান (২৭) নামে এক কলেজছাত্রের খণ্ডিত লাশ উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ। ধারণা করা হচ্ছে, ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে।
নিহত মতিউর রহমান জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের পানিছড়া গ্রামের মৃত কুটু মিয়ার ছেলে। তিনি এমসি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন এবং স্থানীয় একটি মাদ্রাসায় শিক্ষকতা করতেন।
নিহতের বড় ভাই রিয়াজুল ইসলাম বলেন,মতিউর আমাদের ৭ ভাইবোনের মধ্যে সবার ছোট এবং অতি আদরের। গতকাল সকালে বোনের বাসা থেকে বের হয়ে আর ফেরেনি। কী কারণে এমন হলো, আমরা কিছুই বুঝতে পারছি না। তাকে হারিয়ে আমরা দিশেহারা।
রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস বলেন,ঘটনাটি তদন্তাধীন। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে মনে হলেও সব দিক খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।
জৈন্তাপুর থানার ওসি আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান জানিয়েছেন,ঘটনার খবর পেয়েছি। রেলওয়ে পুলিশ বিষয়টি আমাদের অবগত করেছে।
সম্পাদক প্রকাশক : খন্দকার মোঃ বদরুল আলম । কার্যালয়, মার্ভেলাস টাওয়ার দিত্বীয় তলা ১০/১১ নং অফিস সিলেট-গোলাপগঞ্জ থেকে প্রকাশিত। ফোন : ০১৭২০৫৫৪৫৯০। ই-মেইল : gbbartanews@gmail.com