
অনলাইন ডেস্ক
ক্যাসিনোকাণ্ডে আলোচিত সেলিম প্রধানকে গুলশান থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জিয়াদুর রহমান গত(২২ অক্টোবর) শুনানি নিয়ে এই আদেশ দিয়েছেন।
আদালত থেকে নামানোর সময় দেখা গেছে, সেলিম প্রধান একেবারেই দাঁড়াতে পারছেন না। পুলিশ তাকে টেনে তুলে দাঁড় করানোর চেষ্টা করছেন। এসময় একজন তাকে উদ্দেশ্য করে বলেন, “ভাই অভিনয় ভালো হচ্ছে না,” এবং অনেকেই হাসাহাসি করতে দেখা গেছে।
পরে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাংবাদিকদের বলেন, সেলিম প্রধান যখন আদালতে বক্তব্য দিচ্ছিলেন, তখন সুস্থ, স্বাভাবিক ও শক্তিশালী মনে হয়েছিল। কিন্তু যখন পুলিশ তাকে নিয়ে যাচ্ছিল, দেখা গেছে তিনি পড়ে যাচ্ছেন, হাঁটতে পারছেন না। তিনি অসুস্থতার ভান করছেন। তারা আদালত ও সাংবাদিকদের বিভ্রান্ত করার জন্য বিভিন্ন মিথ্যা তথ্য উপস্থাপন করেন। জুলাই আন্দোলন নাকি তিনিই শুরু করেছেন, শামীম ওসমানকে নাকি তিনিই তাড়িয়েছেন—এই সব মনগড়া ও ভিত্তিহীন।
শুনানিতে নিজেকে নির্দোষ দাবি করেন সেলিম প্রধান। তিনি কেবল ব্যবসায়ী দাবি করে আওয়ামী লীগ সরকারের কর্মকর্তাদের সঙ্গে সম্পৃক্ততার কথা অস্বীকার করেন এবং জুলাই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ততা অস্বীকার করেন। আদালতে দুই মিনিট কথা বলার অনুমতি পান তিনি।
নিজের বক্তব্যে তিনি বলেন, পৃথিবীর কোনো শক্তি প্রমাণ করতে পারবে না যে আমি কোনো অপরাধ করেছি। আমি ব্যবসায়ী। ব্যবসা করতে দেননি। আমি সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ, সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে মামলা করেছি। রূপগঞ্জে আমি গাজীর বিরুদ্ধে লড়াই করেছি। তারা এখনো সেই ষড়যন্ত্র চালাচ্ছে। আমি জুলাই মাসে প্রথম যুদ্ধ চালু করি। প্রতিদিন রাস্তায় ছিলাম।
তিনি আরও বলেন, আমি প্রফেসর ইউনুসকে দেখেছি। আমি চাই বাংলাদেশ ভালো হোক। পুলিশ ও কিছু লোক ভালো না হলে আমাদের কোনো উন্নতি হবে না। শামীম ওসমানকে গালাগালি করেছি। আমি সন্ত্রাসী নই, রূপগঞ্জের সন্ত্রাস তাড়িয়েছি।
বিচারক মন্তব্য করেন, “জামিন শুনানির সময় এসব কথা বলবেন।
এর আগে, রাজধানীর বারিধারায় সীসা বার পরিচালনার অভিযোগে গত ৬ সেপ্টেম্বর সেলিম প্রধানসহ ৯ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
সম্পাদক প্রকাশক : খন্দকার মোঃ বদরুল আলম । কার্যালয়, মার্ভেলাস টাওয়ার দিত্বীয় তলা ১০/১১ নং অফিস সিলেট-গোলাপগঞ্জ থেকে প্রকাশিত। ফোন : ০১৭২০৫৫৪৫৯০। ই-মেইল : gbbartanews@gmail.com