অনলাইন ডেস্ক:
চট্টগ্রাম নগরের নিউ মার্কেটের দোস্ত বিল্ডিংয়ে অবস্থিত চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের কার্যালয় এনসিপি দখল করেছে। মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে দখল কার্যক্রমে নেতৃত্ব দেন এনসিপির চট্টগ্রাম নগর কমিটির যুগ্ম আহ্বায়ক আরিফ মঈনুদ্দিন। এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও কর্মীরাও উপস্থিত ছিলেন।
জানা গেছে, গত ৫ আগস্ট ভাঙচুরের পর থেকে এই কার্যালয় তালাবদ্ধ ছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একদল তরুণ কার্যালয়ের সামনের দেয়ালে থাকা শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুর করছে।
এনসিপির যুগ্ম সমন্বয়কারী আরিফ মঈনুদ্দিন কালের কণ্ঠে'র সাংবাদিকে বলেন, “দুপুরে খবর পাই ভবনে আওয়ামী লীগের কার্যক্রম চলছে। নিরাপত্তা প্রহরীদের জিজ্ঞাসা করলে তারা কোনো বিষয় স্বীকার করেনি। এরপর আমরা তালা ভেঙে ভেতরে প্রবেশ করি। অফিস সম্পূর্ণ সাজানো-গোছানো ছিল। টেবিল, চেয়ার, সিগারের তাজা ছাইসহ মিটিং করার আলামতও পেয়েছি।”
তিনি আরও বলেন, “আগামী দুই দিন ভবনের কার্যক্রম পর্যবেক্ষণ করা হবে। কার্যালয়টি তালা দিয়ে রেখেছি। যারা সম্প্রতি নগরে অগ্নিসংযোগ, ঝটিকা মিছিলসহ নানা অপকর্ম করেছে তারা আসে কিনা দেখা হবে।”
ওসি কোতোয়ালি আব্দুল করিম জানান, “আওয়ামী লীগের দলীয় কার্যালয় বন্ধ ছিল নাকি খোলা ছিল, সে তথ্য আমাদের জানা ছিল না। রাত ১১টা পর্যন্ত থানায় কোনো অভিযোগ হয়নি। অভিযোগ পেলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
দোস্ত বিল্ডিংয়ে বিএনপি, বাসদ, গণসংহতি আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের কার্যালয় রয়েছে। এনসিপি ধোয়া-মুছা করে নিজেদের কার্যালয় হিসেবে ব্যবহার করার লক্ষ্যে কাজ করছে।
সম্পাদক প্রকাশক : খন্দকার মোঃ বদরুল আলম । কার্যালয়, মার্ভেলাস টাওয়ার দিত্বীয় তলা ১০/১১ নং অফিস সিলেট-গোলাপগঞ্জ থেকে প্রকাশিত। ফোন : ০১৭২০৫৫৪৫৯০। ই-মেইল : gbbartanews@gmail.com