
নিউজ ডেস্ক:
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণ করে এক মাস আটকে রেখে ধর্ষণের অভিযোগে এজাহারনামীয় পলাতক আসামি লিটন মিয়াকে (৩০) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)।
শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় কুমিল্লার লালমাই থানার উত্তর দৌলতপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব জানায়, গ্রেপ্তার লিটন মিয়া সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নলুয়া গ্রামের মৃত চেরাগ আলীর ছেলে।
মামলার তথ্য অনুযায়ী, ভিকটিম স্থানীয় জনতা উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। স্কুলে যাওয়া-আসার পথে লিটন মিয়া তাকে প্রেমের প্রস্তাব দিতেন। প্রস্তাব প্রত্যাখ্যান করায় ক্ষুব্ধ হয়ে তিনি প্রায়ই মেয়েটির সঙ্গে অশোভন আচরণ করতেন। মানসম্মানের ভয়ে ভিকটিমের পরিবার মেয়েটির স্কুলে যাওয়া বন্ধ করে দেয়।
গত ১৫ জুলাই রাত ৮টার দিকে ছাত্রীটি বাড়ির পাশের নদীর ঘাটে অজু করতে গেলে লিটন ও তার সহযোগীরা ওৎ পেতে থেকে তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। প্রায় এক মাস পর ১৮ আগস্ট পুলিশ অভিযান চালিয়ে মেয়েটিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে।
জিজ্ঞাসাবাদে ভিকটিম জানায়, লিটন মিয়া তাকে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেছে। পরবর্তীতে ভিকটিমের বাবা বাদী হয়ে দোয়ারাবাজার থানায় মামলা দায়ের করেন।
ঘটনার পর থেকে পলাতক থাকা লিটনকে র্যাব-৯ (সিপিসি-৩, সুনামগঞ্জ) ও র্যাব-১১ (নারায়ণগঞ্জ)-এর যৌথ অভিযানে কুমিল্লা থেকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানিয়েছে, গ্রেপ্তার লিটন মিয়াকে দোয়ারাবাজার থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে র্যাবের অভিযান চলমান থাকবে।
সম্পাদক প্রকাশক : খন্দকার মোঃ বদরুল আলম । কার্যালয়, মার্ভেলাস টাওয়ার দিত্বীয় তলা ১০/১১ নং অফিস সিলেট-গোলাপগঞ্জ থেকে প্রকাশিত। ফোন : ০১৭২০৫৫৪৫৯০। ই-মেইল : gbbartanews@gmail.com