সিলেট বিভাগের মনোনয়ন বৈঠকে অনুপস্থিত থাকলেও দলের প্রতি আস্থা ও নীতিতে অটল থাকার বার্তা দিয়েছেন বিএনপি নেতা ও ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজর আ. ম. অহিদ আহমদ। লন্ডনে দায়িত্বে থাকায় আজকের বৈঠকে অংশ নিতে না পারার কারণও ব্যাখ্যা করেছেন তিনি।
আজ ১৯ অক্টোবর সিলেট বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে বৈঠকে বসছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে ঐ বৈঠকে উপস্থিত থাকতে পারছেন না সিলেট-৬ আসনের মনোনয়ন প্রত্যাশী, বিএনপি চেয়ারপার্সনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজর আ. ম. অহিদ আহমদ।
তিনি জানিয়েছেন, লন্ডনে তাঁর নির্বাচিত কাউন্সিলে বহুদিন পর ফিরে গেছেন এবং সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের কারণে আজকের বৈঠকে অংশ নিতে পারছেন না।
অহিদ আহমদ বলেন, “দেশে ৩১ দফার পক্ষে কর্মসূচি পালন শেষে অনেকদিন পর লন্ডনে এসেছি। আমি এখনো এখানে নির্বাচিত প্রতিনিধি ও প্রফেশনাল দায়িত্বে আছি। কেউ কেউ হয়তো মনে করছেন মিটিংয়ে না গেলে নমিনেশন শেষ, আসলে তা নয়। নমিনেশন একটি প্রক্রিয়া, যেখানে সেরা প্রার্থীই উঠে আসবে।”
তিনি আরও বলেন, “আমি কখনো নীতির সঙ্গে আপোষ করিনি। কেবিনেট থেকে পদত্যাগ করেছি, কিন্তু বিবেকের কাছে হার মানিনি। সমাজসেবায়, জনকল্যাণে, ক্লাব-স্কুল-মাদ্রাসা, ফ্রি মেডিকেল সেন্টার, বৃত্তি, এসব কাজ রাজনীতির উর্ধে থেকে চালিয়ে যাচ্ছি।”
অহিদ আহমদ আশাবাদ ব্যক্ত করেন, সুযোগ পেলে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারসহ গোটা সিলেটের উন্নয়নে কাজ করে যাবেন। “বৈঠকে থাকতে না পারলেও দলের প্রতি আমার অঙ্গীকার অটুট থাকবে,বলেন তিনি।
সম্পাদক প্রকাশক : খন্দকার মোঃ বদরুল আলম । কার্যালয়, মার্ভেলাস টাওয়ার দিত্বীয় তলা ১০/১১ নং অফিস সিলেট-গোলাপগঞ্জ থেকে প্রকাশিত। ফোন : ০১৭২০৫৫৪৫৯০। ই-মেইল : gbbartanews@gmail.com