
অনলাইন ডেস্ক:
তিন দফা দাবিতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের আন্দোলনের অংশ হিসেবে আজ (শনিবার) দুপুরে কালো পতাকা মিছিল করবে তারা।
জানা গেছে, মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়া, এক হাজার ৫০০ টাকা মেডিক্যাল ভাতা এবং কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশ করার দাবিতে গত রবিবার থেকে শিক্ষক-কর্মচারীরা জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেন। তবে পুলিশ বাধা দিলে সেদিন দুপুর থেকে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন।
শুক্রবার (১৭ অক্টোবর) আন্দোলনের ষষ্ঠ দিনে তারা আমরণ অনশন শুরু করেন। অনশনস্থলে উপস্থিত শিক্ষক-কর্মচারীরা জানান, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মস্থলে ফিরবেন না তারা।
এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্যসচিব দেলোয়ার হোসেন আজিজী বলেন, “আমাদের দাবি একটাই— ২০ শতাংশ বাড়ি ভাড়া দিতে হবে। শিক্ষকরা আর কোনো আশ্বাস শুনতে চান না। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা এই আমরণ অনশন কর্মসূচি চালিয়ে যাব।”
আন্দোলনকারী শিক্ষকরা আরও জানান, আগামী রবিবার থেকে শিক্ষক-কর্মচারীদের পরিবারের সদস্যরাও নিজ নিজ জায়গা থেকে আন্দোলনে যোগ দেবেন।
উল্লেখ্য, গত মঙ্গলবার সচিবালয় অভিমুখে লং মার্চ কর্মসূচি পালন করতে গেলে পুলিশ শিক্ষকদের বাধা দেয়। বুধবার তারা শাহবাগ মোড় অবরোধ করেন। বৃহস্পতিবার ‘মার্চ টু যমুনা’ কর্মসূচি পালনের কথা থাকলেও পরে তা স্থগিত করা হয়।
এর আগে বৃহস্পতিবার সরকারের পক্ষ থেকে শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া মূল বেতনের ৫ শতাংশ (ন্যূনতম দুই হাজার টাকা) দেওয়ার প্রস্তাব করা হয়। তবে আন্দোলনকারীরা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে তিন দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
সম্পাদক প্রকাশক : খন্দকার মোঃ বদরুল আলম । কার্যালয়, মার্ভেলাস টাওয়ার দিত্বীয় তলা ১০/১১ নং অফিস সিলেট-গোলাপগঞ্জ থেকে প্রকাশিত। ফোন : ০১৭২০৫৫৪৫৯০। ই-মেইল : gbbartanews@gmail.com