অনলাইন ডেস্ক:
এবারের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল ইসলাম। তিনি বলেছেন, পাসের হার ও জিপিএ-৫ কমলেও এবারের ফলাফল ‘বাস্তবভিত্তিক’। কী কারণে ফলাফল প্রত্যাশার তুলনায় কমেছে, তা খুঁজে বের করতে আগামী সপ্তাহেই বিশেষজ্ঞদের নিয়ে ডাটাভিত্তিক বিশ্লেষণ করা হবে।
বৃহস্পতিবার সচিবালয়ে এইচএসসি ও সমমানের ফলাফল প্রকাশ উপলক্ষে আয়োজিত ব্রিফিংয়ে এ মন্তব্য করেন শিক্ষা উপদেষ্টা।
তিনি বলেন, “এবারের এইচএসসির ফলাফল অস্বস্তিকর। শিক্ষা মন্ত্রণালয় এ ধরনের ফলাফলের দায় এড়াতে পারে না। তবে এবারের ফলাফল বাস্তবতা প্রতিফলিত করেছে। আগে পাসের হার ও জিপিএ-৫ সংখ্যাই ছিল তৃপ্তির মানদণ্ড, কিন্তু আমরা চাই শিক্ষার ফলাফল বাস্তবতায় ফিরে আসুক।”
চৌধুরী রফিকুল আরও বলেন, ফলাফল ভালো দেখাতে গিয়ে শেখার সংকট আড়াল করার সংস্কৃতি বন্ধ করতে হবে। শিক্ষকদেরও নির্দেশ দেওয়া হয়েছিল সীমান্তরেখায় থাকা শিক্ষার্থীদের ক্ষেত্রে ন্যায্যতা বজায় রাখতে।
ফলাফলে বড় ধাক্কা: পাসের হার ৫৮.৮৩ শতাংশ
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ। গতবারের তুলনায় এবার পাসের হার কমেছে ১৯ শতাংশ।
২০২৪ সালে পাসের হার ছিল ৭৭ দশমিক ৭৮ শতাংশ।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ড. খন্দোকার এহসানুল হক জানান, এবার পরীক্ষায় অংশ নেন ১২ লাখ ৩৫ হাজার ৬৬১ জন শিক্ষার্থী। তাদের মধ্যে পাস করেছেন ৭ লাখ ২৬ হাজার ৯৬০ জন এবং ফেল করেছেন ৫ লাখ ৮ হাজার ৭০১ জন।
বোর্ডভিত্তিক ফলাফল: সবচেয়ে ভালো মাদরাসা বোর্ডে, সবচেয়ে খারাপ কুমিল্লায়
ঢাকা বোর্ড: ৬৪.৬২%
রাজশাহী: ৫৯.৪০%
কুমিল্লা: ৪৮.৮৬%
যশোর: ৫০.২০%
চট্টগ্রাম: ৫২.৫৭%
বরিশাল: ৬২.৫৭%
সিলেট: ৫১.৮৬%
দিনাজপুর: ৫৭.৪৯%
ময়মনসিংহ: ৫১.৫৪%
মাদরাসা বোর্ড: ৭৫.৬১%
কারিগরি বোর্ড: ৬২.৬৭%
জিপিএ-৫ কমেছে অর্ধেকের বেশি
এবার মোট জিপিএ-৫ পেয়েছেন ৬৯ হাজার ৯৭ জন, যেখানে গত বছর এ সংখ্যা ছিল ১ লাখ ৪৫ হাজার ৯১১। অর্থাৎ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা অর্ধেকেরও বেশি কমে গেছে।
খন্দোকার এহসানুল হক বলেন, “পাসের হার ও জিপিএ-৫— দুই ক্ষেত্রেই মেয়েরা এগিয়ে। তবে শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা কমেছে, আর শতভাগ ফেল করা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে।”
এবার শতভাগ ফেল করা প্রতিষ্ঠান ২০২টি, আর শতভাগ পাস করা প্রতিষ্ঠান ৩৪৫টি।
সম্পাদক প্রকাশক : খন্দকার মোঃ বদরুল আলম । কার্যালয়, মার্ভেলাস টাওয়ার দিত্বীয় তলা ১০/১১ নং অফিস সিলেট-গোলাপগঞ্জ থেকে প্রকাশিত। ফোন : ০১৭২০৫৫৪৫৯০। ই-মেইল : gbbartanews@gmail.com