সারাদেশে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী প্রায় ৫ কোটি শিশুকে টাইফয়েডের টিকা দেওয়া হবে। আগামী ১২ অক্টোবর থেকে শুরু হবে এই জাতীয় টিকাদান ক্যাম্পেইন। টিকা দেওয়া হবে দেশের সকল স্থায়ী টিকাদান কেন্দ্র এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে। এরই মধ্যে রেজিস্ট্রেশন কার্যক্রম চলমান রয়েছে।
বুধবার (৮ অক্টোবর) সিলেট সিভিল সার্জন অফিসের হল রুমে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ উপলক্ষে জেলা পর্যায়ের উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সিলেটের সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিভাগের বিভাগীয় পরিচালক ডা. মো. আনিসুর রহমান।
সভায় জানানো হয়, এই ক্যাম্পেইনে সিলেট বিভাগে প্রায় ৩০ লক্ষ শিশুকে এবং সিলেট জেলায় ১০ লাখ ১৬ হাজার শিশুকে টাইফয়েডের টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এখন পর্যন্ত সারাদেশের মধ্যে সিলেট বিভাগে দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
প্রধান অতিথির বক্তব্যে ডা. আনিসুর রহমান বলেন, ‘এই ক্যাম্পেইনের মাধ্যমে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী প্রতিটি শিশুকে টিকার আওতায় আনা হবে। পেশা, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই এই টিকা পাবে। শিক্ষাপ্রতিষ্ঠানে নবম শ্রেণি পর্যন্ত সকল শিক্ষার্থীকেও বিনামূল্যে টিকা প্রদান করা হবে।’ তিনি আরও বলেন, ‘ক্যাম্পেইন সফল করতে সকল অভিভাবককে শিশুদের রেজিস্ট্রেশন নিশ্চিত করতে হবে এবং নির্ধারিত দিনে টিকাদান কেন্দ্রে উপস্থিত হতে হবে। এই টিকাদান কর্মসূচি একটি সুস্থ, সুন্দর ও রোগমুক্ত ভবিষ্যৎ প্রজন্ম গঠনে সহায়ক হবে বলে তিনি মন্তব্য করেন।’
সভায় টাইফয়েড বিষয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন মেডিকেল অফিসার ডা. স্বপ্নীল সৌরভ রায়। তিনি টাইফয়েড জ্বরের কারণ, লক্ষণ, প্রতিকার এবং টিকা দেওয়ার গুরুত্বসহ রেজিস্ট্রেশন ও টিকাদান পদ্ধতি তুলে ধরেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন-স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক (প্রাইমারি হেলথ কেয়ার) আবু হেনা মোহাম্মদ রায়হানুজ্জামান সরকার, উপ-পরিচালক (হাসপাতাল) সৈয়দ আবু আহমেদ শাফি, উপ-পরিচালক (ইপিআই) মোহাম্মদ শাহরিয়ার সাজ্জাদ, সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পদ্মাসন সিংহ এবং সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম। সভায় সিলেটের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
সম্পাদক প্রকাশক : খন্দকার মোঃ বদরুল আলম । কার্যালয়, মার্ভেলাস টাওয়ার দিত্বীয় তলা ১০/১১ নং অফিস সিলেট-গোলাপগঞ্জ থেকে প্রকাশিত। ফোন : ০১৭২০৫৫৪৫৯০। ই-মেইল : gbbartanews@gmail.com